English Version
আপডেট : ১৯ এপ্রিল, ২০১৬ ১৯:২৯

আওয়ামী লীগের কাউন্সিল উপলক্ষে উৎসব নগরী হবে ঢাকা

অনলাইন ডেস্ক
আওয়ামী লীগের কাউন্সিল উপলক্ষে উৎসব নগরী হবে ঢাকা

আগামী ১০ ও ১১ জুলাই আওয়ামী লীগের ২০তম জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হবে। এ কাউন্সিলকে সামনে রেখে ঢাকার প্রবেশ মুখগুলোসহ পুরো ঢাকাকে উৎসবের নগরী হিসেবে সাজানো হবে। মঙ্গলবার সকালে ধানমন্ডির প্রিয়াকাং কমিউনিটি সেন্টারে মঞ্চ ও সাজসজ্জা বিষয়ক উপ-কমিটির সভায় এই তথ্য জানান, সাজসজ্জা উপ-কমিটির আহ্বায়ক বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক এমপি।

তিনি বলেন, ‘এবার শুধু সোহরাওয়ার্দী উদ্যানে কাউন্সিল সীমাবদ্ধ রাখতে চাই না। আমাদের লক্ষ্য সাভার হয়ে সারা দেশের যে সমস্ত ডেলিগেট ও কাউন্সিলরা ঢাকায় ঢুকবেন তারা যেন সাভার থেকেই বুঝতে পারেন দলের কাউন্সিল হচ্ছে ঢাকায়। ‘যারা দক্ষিণাঞ্চল থেকে মাওয়াঘাট হয়ে আসবেন, তারা যেন মাওয়াঘাট থেকেই বুঝতে পারেন। ঢাকায় আওয়ামী লীগের কাউন্সিল অনুষ্ঠিত হচ্ছে। এই আবহ আমরা ডেলিগেট, কাউন্সিলর এবং মানুষের কাছে পৌঁছে দিতে চাই।’

তিনি আরো বলেন, ‘গোটা রাজধানীতেই যেন এক উৎসবমুখর পরিবেশের তৈরি হয়। ঢাকা মহানগরী সাজ সাজ রবে পরিণত হবে। মানুষের চিন্তায় জগতে যেন থাকে, আওয়ামী লীগ একটি দল। যে দলটি এদেশের স্বাধীকার, স্বাধীনতা থেকে আজকে মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠিত করেছে, সেই দলটির জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।’

মঞ্চ ও সাজসজ্জা উপ-কমিটির সদস্যসচিব বস্ত্র ও পাটমন্ত্রী মির্জা আজম বলেন, ‘গতবারও আমরা মঞ্চ সজ্জার দায়িত্বে ছিলাম। সেবার গণভবন থেকে সোহরাওয়ার্দী উদ্যান পর্যন্ত সাজসজ্জার সীমাবদ্ধ ছিল। কিন্তু এবার মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন, আওয়ামী লীগের জাতীয় সম্মেলন সারাদেশকে জানাতে হবে, আওয়ামী লীগের কাউন্সিল হচ্ছে। ঢাকা মহানগরের প্রত্যেকটি নির্বাচনী এলাকা সম্মেলন উপলক্ষে সজ্জিত হবে। একইসঙ্গে জেলা ও মহানগর, থানা, উপজেলা, ইউনিয়ন পর্যায়েও সাজসজ্জার পরিধি বৃদ্ধি করা হবে।’

সভায় আরও বক্তব্য রাখেন, সাবেক  ছাত্রলীগ সভাপতি বাহাদুর বেপারী, ছাত্রলীগ সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বাবু, যুব মহিলা লীগ নেত্রী ফজিলাতুন নেসা বাপ্পী, যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক অপু উকিল, ডা. বদিউজ্জামান ভুঁইয়া ডাবলু, অসীম কুমার উকিল, সুজিত রায় নন্দী, লিয়াকত শিকদার, মাহমুদ হাসান রিপন, মাহফুজুল হায়দার চোধুরী রোটন, সাইফুর রহমান সোহাগ, এস এম জাকির হোসাইন, কামাল আহমেদ মজুমদার, মুকুল চৌধুরী, আসলামুল হক, ইঞ্জিনিয়ার আবদুস সবুর, শেখ মনিরুজ্জামান প্রমুখ।