English Version
আপডেট : ১৩ এপ্রিল, ২০১৬ ১৮:০৩

‘ওলামা লীগ আওয়ামী লীগের কেউ না’

ষ্টাফ রিপোর্টার
‘ওলামা লীগ আওয়ামী লীগের কেউ না’
ড. হাসান মাহমুদ

ঢাকা: ওলামা লীগ বাংলাদেশের আওয়ামী লীগের কোনো অঙ্গ-সহযোগী কিংবা ভ্রাতৃপ্রতিম সংগঠন নয় বলে জানিয়েছেন আওয়ামী লীগের প্রচার সম্পাদক ড. হাসান মাহমুদ।  

আজ বুধবার (১৩ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় আওয়ামী লীগ সভানেত্রীর ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে দলটির পক্ষ থেকে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে বলা হয়, ‘কিছু কিছু নেতা ওলামা লীগের নাম ভাঙায়। আসলে তারা আওয়ামী লীগের নেতা-কর্মী কিংবা আওয়ামী ঘরানার কোনো সংগঠন নয়।’

চলতি অর্থবছরে মোট দেশজ উৎপাদনে (জিডিপি) প্রবৃদ্ধি নিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দেওয়া পরিসংখ্যান ও তার বক্তব্যের প্রতিক্রিয়ায় আজকের এই সংবাদ সম্মেলন আহ্বান করা হয়।

প্রসঙ্গত, গত শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধন কর্মসূচিতে বাংলাদেশের সর্বজনীন উৎসব পহেলা বৈশাখকে ‘অনৈসলামিক ও হারাম’ বলে উল্লেখ করে আওয়ামী ওলামা লীগ। এরই প্রেক্ষিতে আজ আওয়ামী লীগের পক্ষ থেকে এমন দাবি করা হয়।

এসময় উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ, স্বাস্থ্য ও পরিসংখ্যান বিষয়ক সম্পাদক বদিউজ্জামান ভূঁইয়া, কেন্দ্রীয় সদস্য এস এম কামাল হোসেন, সুজিত রায় নন্দী প্রমুখ।