‘তিনটি কারণ’ ধামাচাপা দিতেই খালেদা জিয়ার বিরুদ্ধে পরোয়ানা’
ঢাকা: বাংলাদেশ ব্যাংকের রিভার্জে থাকা টাকা চুরি, তনু হত্যা ও ইউপি নির্বাচনে সহিংসতায় ধামাচাপা দিতেই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।
সোমবার জাতীয় প্রেসক্লাবের ঢাকা মহানগরী বিএনপি আয়োজিত এক প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
খন্দকার মোশাররফ বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচনে কারচুপি, তনু হত্যা ও রির্জাভ চুরির ঘটনা ধামাচাপা দেওয়ার জন্য সরকার নতুন ষড়যন্ত্র শুরু করেছে। খালেদা জিয়ার নামে গ্রেপ্তারি পরোয়ানা তারই অংশমাত্র।
তিনি আরো বলেন, সরকার খালেদা জিয়া ও তারেক রহমানকে ভয় পায়। তাই বহু আগে থেকেই তাদের বিরুদ্ধে একের পর এক ষড়যন্ত্র করে যাচ্ছে।
খন্দকার মোশাররফ দাবি করে বলেন, সারা পৃথিবী এবং সুইফট কর্তৃপক্ষ বলেছেন অভ্যন্তরীণ সহযোগিতার মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের রির্জাভ থেকে ডিজিটাল ডাকাতি হয়েছে। তবু এ নিয়ে সরকারের মাথাব্যথা নেই। ফিলিপাইনে উচ্চ আদালতে অর্থ চুরি নিয়ে সুনানি চলছে, অথচ এখন পর্যন্ত বাংলাদেশ কী করছে? সুইফট কর্তৃপক্ষ বাংলাদেশ ব্যাংকে তিনটি কম্পিউটার সরবরাহ করেছে, যেগুলো খুবই সুরক্ষিত। তিনজনের কাছে কোড নম্বর থাকে, একজনের কাছে ডিভাইস ও একজনের কাছে চাবি আছে। এই পাঁচজন যদি একত্র না হয়, তাহলে সিস্টেমের ভেতরে কেউ ঢুকতে পারবে না।
দুই দফা ইউপি নির্বাচন প্রসঙ্গে বিএনপির প্রবীণ এই নেতা বলেন, পৃথিবীর ইতিহাসে ইউপি নির্বাচনে এত সংখ্যক চেয়ারম্যান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার নজির নেই।
আয়োজক সংগঠনের যুগ্ম আহ্বায়ক আবদুল আউয়াল মিন্টুর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন বিএনপির ভাইস-চেয়ারম্যান সেলিমা রহমান, চিপ-হুইপ জয়নুল আবেদীন ফারুক, অর্থবিষয়ক সম্পাদক আব্দুস সালাম, শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবির খোকন, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, মহিলা দলের সাধারণ সম্পাদিকা শিরিন সুলতানা, যুবদলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল।


