নির্বাচন কমিশনাদের প্রতি নোমানের হুশিয়ারি
চলমান ইউপি নির্বাচনে সহিংসতায় নির্বাচন কমিশনারদের প্রতি হুশিয়ারি করে বিএনপির ভাইস-চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান বলেছেন, ‘আপনাদের চাকুরীর মেয়াদ ফুরিয়ে যাচ্ছে। একবার ভাবুন মঈন উদ্দীন ফখরুদ্দীন আজ কোথায়?এখনও সময় আছে সাবধান হয়ে যান।’
আজ দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ‘ইউনিয়ন পরিষদ নির্বাচনে সহিংসতা: নির্বাচন কমিশনের ভুমিকা’ শীর্ষক এ সভার আয়োজন করে বাংলাদেশ ইয়ূথ ফোরাম।
আব্দুল্লাহ আল নোমান আরো বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচনের নামে সন্ত্রাস হয়েছে। আওয়ামী লীগ গুন্ডাবাহিনী দিয়ে নির্বাচন নিয়ন্ত্রণ করেছে। এখন ভোটাররা আর ভোট কেন্দ্রে যেতে পারছে না। নির্বাচনে ১২ জন লোকের মৃত্যু হয়েছে। অতীতে জাতীয় নির্বাচনেও এত লোক মারা যায়নি। এত মৃত্যুর দায় সরকার ও নির্বাচন কমিশনকেই বহন করতে হবে।
নির্বাচন কমিশনারদের পদত্যাগ দাবি করেন এ বিএনপি নেতা বলেন, আমরা নির্বাচনের দিন সকালে সিইসির সাথে দেখা করে ভোট কেন্দ্রগুলোতে সমস্যার কথা বলতে চেয়েছিলাম, কিন্তু তিনি আমাদের দেখা করার সুযোগ দিয়েছেন বিকেলে। তারপরও তাকে বলেছিলাম সব কেন্দ্রই দখল হলেও তাদের যে মেরুদন্ড আছে প্রমাণের জন্য তারা যেন অন্তত ৫০ ইউপি নির্বাচন বাতিল করে দেয়। কিন্তু টিভিতে শুনলাম সিইসি বলছেন নির্বাচন সুষ্ঠু হয়েছে। আপনাদের চাকুরীর মেয়াদ ফুঁরিয়ে যাচ্ছে। একবার ভাবুন মঈন উদ্দীন ফখরুদ্দীন আজ কোথায়?এখনও সময় আছে সাবধান হয়ে যান।
তিনি বলেন, বাংলাদেশের ইতিহাসে কোন জাতীয় নির্বাচনেও এত খুন হয়নি। আওয়ামী লীগ সরকার সমস্ত রেকর্ড ভঙ্গ করেছে। আর তাদেরকে সহযোগীতা করেছে এই আজ্ঞাবহ নির্বাচন কমিশন। সন্ত্রাস মুখর নির্বাচন দেশে অনুষ্ঠিত হয়েছে।
আয়োজক সংগঠনের উপদেষ্টা মোঃ আতিকুজ্জামানের সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন, সংগঠনের সভাপতি মুহাম্মদ সাইদুর রহমান, জাগপার সভাপতি শফিউল আলম প্রধান, স্বাধীনতা ফোরামের সভাপতি আবু নাসের রহমাতুল্লাহ, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য আহসান হাবিব লিঙ্কন, জাতীয়তাবাদী দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন প্রমুখ।


