English Version
আপডেট : ২১ মার্চ, ২০১৬ ১৯:৪৩

হাসিনাকে বাদ দিয়ে নির্বাচন করবে বলেনি খালেদা

নিজস্ব প্রতিবেদক
হাসিনাকে বাদ দিয়ে নির্বাচন করবে বলেনি খালেদা

বিএনপির ষষ্ঠ কাউন্সিলে খালেদা জিয়া তার বক্তব্যে শেখ হাসিনাকে বাদ দিয়ে নির্বাচন করার কথা বলেননি বলে দাবি করেছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার বেলা ১১টায় রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল তার দলীয় চেয়ারপাসনের বক্তব্যের এ কথা জানান।

ফখরুল বলেন, খালেদা জিয়া বলেছেন- আগামীতে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ যে নির্বাচন হবে, সেখানে সকলেই অংশ নেবে। অর্থাৎ সে নির্বাচন শেখ হাসিনার অধীনে হবে না। অথচ আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা এটাকে বিকৃত করে জনগণকে বিভ্রান্ত করার অপচেষ্টা করছেন।

এর আগে শনিবার বিএনপির কাউন্সিলের সমাপনী অধিবেশনে 'প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাদ দিয়েই ভবিষ্যতে নির্বাচন হবে'- এমন মন্তব্য করে খালেদা জিয়া নেতাদের উদ্দেশে বলেছেন, সেজন্য এখন থেকেই কাজ করতে হবে।

তিনি বলেন, বিএনপি জনগণের দল তাই জনগণকে সঙ্গে নিয়েই সবকিছু করবে। বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করে, তাই হাসিনা মার্কা কোনো নির্বাচনে কখনো কোনো দিন অংশ নেবে না। বরং শেখ হাসিনাকে বাদ দিয়েই নির্বাচন করা হবে। যে নির্বাচন হবে জনগণের নির্বাচন।

খালেদা জিয়ার এ বক্তব্যের ব্যাপারে রোববার গণভবনে আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, খালেদা জিয়া ‘হাসিনাবিহীন নির্বাচনের’ কথা বলেছেন। ‘হাসিনাবিহীন নির্বাচন’ বলতে খালেদা জিয়া কী বোঝাতে চাইছেন? ২১ আগস্টের মতো আবার গ্রেনেড হামলা বা আবার হত্যার পরিকল্পনা করছেন কিনা? সেটাই হচ্ছে আমার প্রশ্ন। তার মানে আরও কিছু একটা ষড়যন্ত্রের ঘোঁট পাকাচ্ছে সে (খালেদা জিয়া)। কারণ, আর কোনো পথ তার নেই।

এ বক্তব্যের জবাবে মির্জা ফখরুল বলেন, বিএনপি মনে করেছিল খালেদা জিয়ার বক্তব্যে গণতান্ত্রিক প্রক্রিয়া আরও বেগবান হবে বলে শেখ হাসিনা ধন্যবাদ জানাবেন। অথচ দুর্ভাগ্য তিনি বক্তব্য বিকৃত করেছেন।

তিনি দাবি করেন,কাউন্সিলে খালেদা জিয়া যে বক্তব্য দিয়েছেন তাতে রাজনীতির ইতিবাচক সূচনা হয়েছে। তার বক্তব্যে একদিকে দিক নির্দেশনা অন্যদিকে রাষ্ট্রের যে সমস্ত বিষয়ে সংস্কার জরুরি তা তুলে ধরা হয়েছে।

মির্জা ফখরুল বলেন, বিএনপি প্রত্যাশা করে আওয়ামী লীগ প্রধান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মন্ত্রীবর্গ খালেদা জিয়ার বক্তব্য বিকৃত না করে আলাপ আলোচনার মাধ্যমে সমঝোতা করে সকল দলের অংশগ্রহণে একটি অবাধ ও সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের উদ্যোগ নিবেন।

সংবাদ সম্মেলনে বিএনপির কেন্দ্রীয় নেতা নজরুল ইসলাম খান, আবদুল্লাহ আল নোমান, ডা.এ জেড এম জাহিদ হোসেন, ফজলুল হক মিলন, আবদুস সালাম, আসাদুল করিম শাহীন প্রমুখ উপস্থিত ছিলেন।