দলের শৃঙ্খলা ভঙ্গকারীদের বিরুদ্ধে এরশাদের কঠোর হুঁশিয়ারি
জাতীয় পার্টির দলীয় শৃঙ্খলা ভঙ্গকারীরা কখনোই সফল হবেনা বলে ঘোষণা দিয়েছেন দলটির চেয়ারম্যান এইচ এম হুসেইন মুহম্মদ এরশাদ। সেই সাথে শৃঙ্খলা ভঙ্ককারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে গুলশানস্থ একটি কনভেনশন সেন্টারে সারাদেশের জেলা ও উপজেলা নেতৃবৃন্দের সঙ্গে আয়োজিত যৌথসভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
এরশাদ বলেন, আজকের এই প্রোগ্রাম বন্ধ করে দেয়ার জন্য অনেক ষড়যন্ত্র করা হয়েছে। ফোন করে না আশার জন্য সবাইকে হুমকি দেয়া হয়েছে। কিন্তু সেই হুমকি উপেক্ষা করে সবাই এখানে এসেছে। জাতীয় পার্টিকে নিঃশেষ করার ষড়যন্ত্র করা হয়েছে। কিন্তু জাতীয় পার্টি শেষ হয়নি। আমাদের সামনে কঠিন মুহূর্ত। এ পরীক্ষায় আমাদের উত্তীর্ণ হতে হবে। জাতীয় পার্টি প্রায় মৃত ছিল। কিন্তু অতীতকে ভুলেই সামনে এগিয়ে যেতে হবে।
দলের আগামী দিনের নেতৃত্ব প্রসঙ্গে তিনি বলেন, আগামীর রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকার জন্য তার অবর্তমানে জিএম কাদের দলকে নেতৃত্ব দেবেন। নেতাকর্মীদের উদ্দেশ্যে এরশাদ বলেন, যারা দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেছে তাদের পরিস্থিতি কি হয় আপনারা দেখুন। বিরোধী দলীয় নেতা রওশনকে ইঙ্গিত করে এরশাদ বলেন, যারা আমার মতো বয়জ্যেষ্ঠ তারা নেতৃত্ব ছেড়ে দিন। নতুন প্রজন্মকে আসতে দিন। সারা দেশ থেকে আসা ইউনিয়ন-উপজেলা-পৌরসভা আর জেলা পর্যায়ের নেতারা অংশ নেন জাতীয় পার্টির এ যৌথ সভায়। অধিকাংশ প্রেসিডিয়াম সদস্য উপস্থিত থাকলেও ছিলেন না রওশন এরশাদপন্থীরা। একে শৃঙ্খলা ভঙ্গ অভিহিত করে পার্টির চেয়ারম্যান বলেছেন, ষড়যন্ত্রকারীরা কখনোই সফল হয়নি। ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে দিনব্যাপী চলা এই সভায় দিকনির্দেশনামূলক বক্তব্য দেন দলের কো-চেয়ারম্যান ও মহাসচিব।


