English Version
আপডেট : ২৬ জানুয়ারি, ২০১৬ ১৯:২৬

গ্রহণ না করায় খালেদার বাড়ির ফটকে আদালতের সমন

নিজস্ব প্রতিবেদক
গ্রহণ না করায় খালেদার বাড়ির ফটকে আদালতের সমন

রাষ্ট্রদ্রোহ মামলায় আদালতের সমন গ্রহণ করেননি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তার পক্ষে কেউ সমনের চিঠি গ্রহণ না করায় সেটি বেগম খালেদা জিয়ার গুলশানের বাসার ফটকে টানিয়ে দেওয়া হয়েছে।  ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা নিয়ে বিতর্কিত মন্তব্য করায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে সোমবার সমন জারি করেন সিএমএম আদালত। ৩ মার্চ বেগম খালেদা জিয়াকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেয়া হয়েছে।

এর আগে বেগম খালেদা জিয়াকে ওই বক্তব্যের জন্য ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়ে উকিল নোটিশ পাঠান সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন আহমেদ মেহেদী।

নোটিশের জবাব না পেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছ থেকে অনুমতি নিয়ে সিএমএম আদালতে খালেদা জিয়ার নামে রাষ্ট্রদ্রোহিতার মামলা করেন তিনি। শুনানি শেষে বিএনপি চেয়ারপারসনের বিরুদ্ধে সমন জারি করেন আদালত। মামলায় দণ্ডবিধির ১২৩ এর ক, ১২৪ এর ক এবং ৫০৫ ধারায় আদালত বেগম খালেদা জিয়াকে তলব করেছেন।

বিএনপির আইনজীবীরা বলেছেন, বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে এটা রাজনৈতিক উদ্দেশ্যপ্রনোদিত মামলা। আগামী ৩ মার্চ আসামীর উপস্থিতিতে মামলার শুনানি হওয়ার কথা রয়েছে। গত ২১ ডিসেম্বর জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সমাবেশে ৭১’র মহান মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা নিয়ে সংশয় প্রকাশ করেন বিএনপি চেয়ারপারসন।