রাজনীতিতে আসার খবর সত্যি নয় : সোহেল তাজ
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজের সাক্ষাতের ছবি ঘিরে গণমাধ্যমে তার রাজনীতিতে আসার যে খবর প্রকাশ হয়েছে তা সঠিক নয় বলে দাবি করেছেন সোহেল তাজ। সোমবার নিজের ফেসবুক পেজে এক স্ট্যাটাসে এই দাবি করেন প্রবাসী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর তাজউদ্দীন আহমদের ছেলে সোহেল তাজ।
তিনি বলেন, 'প্রিয় বন্ধু ও শুভানুধ্যায়ীরা, আমি সবাইকে জানাতে চাই- গণমাধ্যমে আমার রাজনীতিতে ফেরার যে খবর প্রকাশিত হয়েছে তা সম্পূর্ণই অসত্য।'
গত শনিবার রাতে দুই বোন সিমিন হোসেন রিমি ও মাহজাবিন আহমেদ মিমিকে নিয়ে গণভবনে যান সোহেল তাজ। পরে প্রধানমন্ত্রীর সঙ্গে আবেকঘন সাক্ষাতের ছবি ফেসবুকে দেন মিমি। ওই ছবি নিয়েই শুরু হয় গুঞ্জন। রাজনৈতিক অঙ্গনের ওই গুঞ্জনের বরাত দিয়ে কয়েকটি গণমাধ্যমে খবর আসে- আবারও রাজনীতিতে সক্রিয় হচ্ছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ।


