জিয়ার ক্ষমতা দখলসহ সব কর্মকাণ্ডই ছিল অবৈধ: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ১৯৭৫ সালে স্বপরিবারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পর অবৈধভাবে ক্ষমতা দখল করে জিয়াউর রহমান যে হত্যা, ক্যু, ষড়যন্ত্র শুরু করেছিল, ইতিহাস বিকৃতি ও পাকিস্তানের দোসরদের রাজনীতিতে পুনর্বাসনের যে ধারা তৈরি করেছিল, তার ধারবাহিকতা রক্ষা করেছে তার স্ত্রী খালেদা জিয়া। তিনি আরও বলেন, 'হাইকোর্টের রায়ে বলা হয়েছে, জিয়ার ক্ষমতা দখল ছিল সম্পূর্ণ অবৈধ। তাই তার সব কর্মকাণ্ডই ছিল অবৈধ।'
বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে সোমবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় একথা বলেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। জনসভায় নিজের বক্তব্যের শুরুতেই মুক্তিযুদ্ধের ৩০ লাখ শহীদ ও সম্ভ্রম হারানো দুই লাখ মা-বোনের প্রতি সম্মান জানান তিনি।
প্রধানমন্ত্রী বলেন, 'বাংলাদেশ উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে। বাংলাদেশকে আমরা গড়ে তুলতে চাই জাতির জনকের স্বপ্নের ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত দেশ হিসেবে।' পাকিস্তানি হানাদার বাহিনী যেভাবে কথা বলে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াও সেভাবেই কথা বলেন- এমন মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, 'উনার কতো বড় দুঃসাহস, মুক্তিযুদ্ধে যে ৩০ লাখ মানুষ প্রাণ দিলেন তা নিয়ে উনার সন্দেহ হচ্ছে।'
শেখ হাসিনা বলেন, "আজ খালেদা জিয়া ভোট নিয়ে কথা বলেন। তার স্বামী তো হ্যাঁ-না ভোট করেছিল, সেখানে ১১০ শতাংশ ভোট পড়েছিল, আর 'না' ভোট তো ছিলই না। উনার ১৫ ফেব্রুয়ারির নির্বাচনে তো ভোটারই ছিল না।" এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী আরও বলেন, '২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচন বন্ধ করতে খালেদা জিয়া যেভাবে মানুষ পুড়িয়ে হত্যা করেছিল, জ্বালাও-পোড়াও করেছিল তা সত্ত্বেও সেই নির্বাচনে ৪৩ শতাংশ ভোট পড়েছিল। সম্প্রতি যে পৌরসভা নির্বাচন হয়ে গেল সেখানেই প্রমাণ হয়েছে তাদের জ্বালাও-পোড়াওয়ের রাজনীতি মানুষ গ্রহণ করেনি।'


