English Version
আপডেট : ১ জানুয়ারি, ২০১৬ ১৪:৫১

ধান চিটা হয়ে গেছে: সুরঞ্জিত

নিজস্ব প্রতিবেদক
ধান চিটা হয়ে গেছে: সুরঞ্জিত

ধান সব চিটা হয়ে গেছে বলে মন্তব্য করেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত।

রাজধানীর সেগুনবাগিচায় শিল্পকলা একাডেমীতে শুক্রবার দুপুরে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, ‘এবারের নির্বাচনে খালেদা একা নন, তার ধানের শীষেরও ভরাডুবি হয়েছে। ধান সব চিটা হয়ে গেছে। খালেদার ভুল রাজনীতির কারণেই তার দলের সমর্থন ও ভোট কমেছে।

তাই খালেদা জিয়াকে বলবো, বিভ্রান্ত রাজনীতি ছেড়ে দেশের বৃহত্তর স্বার্থে রাজনীতিতে স্থিতিশীলতা বজায় রেখে গণতান্ত্রিক ও সহনশীল ধারায় ফিরে আসুন। এতে সমর্থনও বাড়বে, ক্ষমতাও আসবে। সুস্থ রাজনীতিতে ফিরে আসলে আপনারা সরকার ও প্রশাসনের সমস্ত সহায়তা পাবেন।

জোটের সিনিয়র সহ-সভাপতি অভিনেতা এটিএম শামসুজ্জমানের সভাপতিত্বে সভায় আরো উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ, সংসদ সদস্য এ্যাডভোকেট হোসনে আরা লুৎফা, আওয়ামী লীগের উপ কমিটির সহ সম্পাদক বলরাম পোদ্দার, ওয়ার্ল্ড ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক আবদুল মান্নান চৌধুরী, সংগঠনের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা প্রমুখ।