English Version
আপডেট : ১ জানুয়ারি, ২০১৬ ১৪:২১

বিএনপিকে জনগণের আস্থা অর্জনের আহবান জানালেন ড. হাছান

নিজস্ব প্রতিবেদক
বিএনপিকে জনগণের আস্থা অর্জনের আহবান জানালেন ড. হাছান

‘নতুন বছরে পেট্রোল বোমা নিয়ে হাজির না হয়ে সুস্থ গণতান্ত্রিক ধারায় ফিরে জনগণের আস্থা অর্জনের জন্য’ বিএনপি’র প্রতি আহবান জানান আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ।

রাজধানীর সেগুনবাগিচায় শিল্পকলা একাডেমীতে শুক্রবার দুপুরে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

হাছান মাহমুদ বলেন, ‘একটি দল যে জনবিচ্ছিন্ন হয়ে গেছে তার উগ্র বহি:প্রকাশ দেখেছি ৩০ তারিখের পৌর নির্বাচনে বিএনপি’র ভরাডুবি দেখে।’

তাই এ সময় ‘সরকার, নির্বাচন কমিশন ও আইন-শৃঙ্খলা বাহিনীর সমালোচনা না করে বিএনপিকে নিজেদের আত্মসমালোচনা করারও’ পরামর্শ দেন মাহমুদ। পাশাপাশি বলেন, সরকারের পতন চাইতে গিয়ে ইতোমধ্যেই বিএনপি’র পতন হয়ে গেছে। 

জোটের সিনিয়র সহ-সভাপতি অভিনেতা এটিএম শামসুজ্জমানের সভাপতিত্বে সভায় আরো উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত, সংসদ সদস্য এ্যাডভোকেট হোসনে আরা লুৎফা, আওয়ামী লীগের উপ কমিটির সহ সম্পাদক বলরাম পোদ্দার, ওয়ার্ল্ড ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক আবদুল মান্নান চৌধুরী, সংগঠনের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা প্রমুখ।