English Version
আপডেট : ৭ আগস্ট, ২০২৪ ০৭:০৬

ড. ইউনূসকে প্রধান করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক
ড. ইউনূসকে প্রধান করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত

রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন বলেন, ‘বঙ্গভবনে আজ (মঙ্গলবার) রাতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কসহ সংশ্লিষ্টদের বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে। বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে অন্তর্বর্তীকালীন সরকারের বাকি সদস্যদের নাম চূড়ান্ত হবে।’

শান্তিতে নোবেলজয়ী বিশিষ্ট অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান করার সিদ্ধান্ত হয়েছে।

রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন মঙ্গলবার রাতে এ তথ্য নিশ্চিত করেন। গণমাধ্যমকে তিনি বলেন, ‘বঙ্গভবনে আজ (মঙ্গলবার) রাতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কসহ সংশ্লিষ্টদের বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে।’

তিনি আরও বলেন, ‘বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে অন্তর্বর্তীকালীন সরকারের বাকি সদস্যদের নাম চূড়ান্ত হবে।’

এর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ১৩ সদস্যের একটি দল রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং তিন বাহিনীর প্রধানদের সঙ্গে বৈঠক করে।

মঙ্গলবার সন্ধ্যা ৬টায় তারা বঙ্গভবনে প্রবেশ করেন বলে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম জানান।

বৈঠকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল ও আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক তানজিম উদ্দিন খান উপস্থিত ছিলেন।