English Version
আপডেট : ৩০ জুন, ২০২২ ১৭:৩৭

পবিত্র হজ ৮ জুলাই

অনলাইন ডেস্ক
পবিত্র হজ ৮ জুলাই

সৌদি আরবে পবিত্র জিলহজ্জ মাসের চাঁদ দেখা গেছে। আগামী ০৮ জুলাই (শুক্রবার) পালিত হবে পবিত্র হজ। আর ০৯ জুলাই (শনিবার) দেশটিতে পালিত হবে মুসলমানদের অন্যতম বৃহত্তম ধর্মীয় উৎসব ঈদ-উল-আজহা।

স্থানীয় সময় বুধবার সন্ধ্যায় সৌদি আরবের তামির অবজারভেটরি থেকে জিলহজ্জ মাসের চাঁদ স্পষ্ট ভাবে দেখা গেছে বলে জানিয়েছে গালফ নিউজ। 

মক্কার হারামাইন শরীফাইনের কর্মকর্তারা জানান, আরাফার দিন (ইউম উল হজ) ০৮ জুলাই (শুক্রবার) নিশ্চিত করা হয়েছে। ০৯ জুলাই (শনিবার) ঈদ-উল-আযহা উদযাপিত হবে।

মধ্যপ্রাচ্যের দেশ ওমান ও সংযুক্ত আরব আমিরাতও ০৯ জুলাই ঈদ-উল-আজহা উদযাপনের ঘোষণা দিয়েছে।

এর আগে পবিত্র ঈদ-উল-আজহা উদযাপনের তারিখ ঘোষণা করেছে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, হংকং ও ব্রুনাই। চাঁদ দেখা যায়নি বলে এসব দেশে ১০ জুলাই কোরবানির ঈদ উদযাপন করা হবে। দেশগুলোর স্থানীয় সংবাদ মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

বাংলাদেশে জিলহজ্জ মাসের চাঁদ দেখতে বৃহস্পতিবার সন্ধ্যায় সভায় বসবে জাতীয় চাঁদ দেখা কমিটি। বৃহস্পতিবার ১৪৪৩ হিজরি সনের চাঁদ দেখা গেলে শুক্রবার (১ জুলাই) থেকে জিলহজ্জ মাস গণনা শুরু হবে। এক্ষেত্রে বাংলাদেশে আগামী ১০ জুলাই (১০ জিলহজ্জ) ঈদ-উল-আজহা উদযাপিত হতে পারে। চাঁদ দেখা না গেলে শুক্রবার জিলকদ মাসের ৩০ দিন পূর্ণ হবে। সে ক্ষেত্রে আগামী শনিবার (০২ জুলাই) থেকে জিলহজ্জ মাস গণনা শুরু হবে। দেশে ঈদ উদযাপিত হবে ১১ জুলাই।

ইসলাম ধর্মের নিয়ম অনুযায়ী, জিলহজ্জ মাসের ১০ তারিখ ঈদ-উল-আজহা বা কোরবানির ঈদ উদযাপিত হয়।