English Version
আপডেট : ১৩ জুন, ২০২২ ১৬:৩৫

আবারও বাড়ছে করোনা সংক্রমণ, সতর্ক হতে বললেন স্বাস্থ্যমন্ত্রী

অনলাইন ডেস্ক
আবারও বাড়ছে করোনা সংক্রমণ, সতর্ক হতে বললেন স্বাস্থ্যমন্ত্রী

দেশে গত কয়েকদিন ধরে আবারও করোনাভাইরাসের সংক্রমণ বাড়ছে। এজন্য সবাইকে সতর্ক করে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। আজ সোমবার (১৩ জুন) সচিবালয়ে বেসরকারি মেডিকেল ও ডেন্টালে শিক্ষার্থী ভর্তি প্রক্রিয়া অটোমেশন বিষয়ক সভা শেষে তিনি এ আহ্বান জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, বাংলাদেশ কোভিড কিছুটা বেড়েছে। কয়েক মাস আমরা দেখেছি দৈনিক ৩১ থেকে ৩৫ জন সংক্রমিত হত। গতকাল (রোববার) ১০৯ জন সংক্রমিত হয়েছে, সেই তুলনায় বেশ বেড়েছে। আমাদের সতর্ক হতে হবে, মাস্ক ব্যবহার করতে হবে, সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। বিষয়টি ভুলে গেলে চলবে না। মাস্কপাড়া ভুলে গেলে চলবে না, আমরা নিয়ন্ত্রণে রাখতে চাই।

তিনি বলেন, কোভিড এখনো নির্মূল হয়নি, আছে। আমরা একটা স্বাভাবিক অবস্থায় আছি, আমরা যদি অস্বাভাবিক অবস্থায় না যাই, সেই বিষয়ে সবার প্রচেষ্টা দরকার। স্বাস্থ্যমন্ত্রী বলেন, ইতোমধ্যে মন্ত্রীরা আক্রান্ত হচ্ছেন, বিশিষ্ট ব্যক্তিরা আক্রান্ত হচ্ছেন, হাসপাতালে রোগীর সংখ্যা বাড়ছে। তাই সবাইকে অনুরোধ করছি মাস্ক পড়বেন, হাত স্যানিটাইজ করবেন, সামাজিক দূরত্ব বজায় রাখবেন, টিকা না নিয়ে থাকলে টিকা নেবেন।