English Version
আপডেট : ১৪ ডিসেম্বর, ২০২১ ১২:২৭

রাজধানীতে ওষুধ ফার্মেসিকে সাড়ে ৪ লাখ টাকা জরিমানা

অনলাইন ডেস্ক
রাজধানীতে ওষুধ ফার্মেসিকে সাড়ে ৪ লাখ টাকা জরিমানা

রাজধানীর মোহাম্মদপুরের কলেজ গেট এলাকায় পাঁচটি ওষুধের ফার্মেসিকে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে তাদের সাড়ে ৪ লাখ টাকা জরিমানা করেছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।

এর মধ্যে মো. বিল্লাল হোসেনের (৪০) ইসলাম ফার্মেসিকে দুই লাখ ৫০ হাজার টাকা, মো. রাসেল তালুকদারের (৩৫) অনুরাগ ফার্মেসিকে এক লাখ টাকা, মো. শামীম মোল্লার (৩৭) এসএইচ ফার্মেসিকে ৫০ হাজার টাকা, মো. সানোয়ার হোসেন সাগরের (৩৮) বাংলাদেশ ফার্মেসিকে ৩০ হাজার টাকা ও মো. নাজমুল ইসলামের (২৩) নাজ ফার্মেসিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

মঙ্গলবার র‌্যাব-৪ সহকারী পরিচালক এএসপি (মিডিয়া) মাজহারুল ইসলাম অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সোমবার (১৩ ডিসেম্বর) দুপুর থেকে রাত পর্যন্ত র‌্যাব-৪ এর একটি দল মোহাম্মদপুরের কলেজ গেট এলাকায় মেয়াদোত্তীর্ণ ওষুধ মজুত, সংরক্ষণ ও বিক্রয়ের অভিযোগে ওষুধ প্রশাসন অধিদপ্তরের সহযোগিতায় অভিযান চালায়। এসময় পাঁচটি ফার্মেসিতে এসব অভিযোগের সত্যতা পাওয়া যায়। নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আনিসুর রহমানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এই পাঁচটি ফার্মেসিকে সাড়ে ৪ লাখ টাকা অর্থদণ্ড দেয়া হয়।