English Version
আপডেট : ১০ অক্টোবর, ২০২১ ০৯:০৩

সাত মাস পর ভারত থেকে এলো ১০ লাখ টিকা

অনলাইন ডেস্ক
সাত মাস পর ভারত থেকে এলো ১০ লাখ টিকা

ভারতের সেরাম ইনস্টিটিউটের ১০ লাখ কোভিশিল্ড টিকা ঢাকায় এসে পৌঁছেছে।শনিবার (০৯ অক্টোবর) সন্ধ্যার দিকে টিকাগুলো ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসেছে।এর ফলে দীর্ঘ ৭ মাস পর ভারত থেকে চুক্তির টিকা পেল বাংলাদেশ।

ঢাকার ভারতীয় হাইকমিশন জানিয়েছে, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের সঙ্গে চুক্তি অনুযায়ী এসব টিকা পাঠানো হয়। 

এ কোম্পানি থেকে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার তিন কোটি ডোজ ‘কোভিশিল্ড’ কিনতে গত বছরের নভেম্বরে ত্রিপক্ষীয় চুক্তি করে বাংলাদেশ। এরপর জানুয়ারিতে ৬০০ কোটি টাকার বেশি অগ্রিম হিসেবে দেয় সরকার, যা টিকার মোট দামের অর্ধেক।

ভারত থেকে দেশে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার মোট টিকা এসেছে ১ কোটি ৩ লাখ। এর মধ্যে ভারতের উপহারের টিকা ছিল ৩৩ লাখ। আর ভারত থেকে কেনা টিকা এসেছে ৭০ লাখ। চলতি বছর ২৫ জানুয়ারি ভারত থেকে কেনা ৫০ লাখ টিকার প্রথম চালান আসে। আর ২৩ ফেব্রুয়ারি ভারত থেকে কেনা টিকার দ্বিতীয় চালান আসে। মোট ৭০ লাখ কেনা টিকার চালান এসেছে ভারত থেকে। এরপর ভারত থেকে কেনা টিকার চালান আর আসেনি।

এদিকে বাংলাদেশকে তিনবারের মতো ৩৩ লাখ টিকা উপহার দিয়েছে ভারত। চলতি বছর ২১ জানুয়ারি প্রথমবার বাংলাদেশকে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ২০ লাখ টিকা উপহার দেয় দেশটি। পরে ২৬ মার্চ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশে এসে ১২ লাখ টিকা উপহার দেন। আর ভারতের সেনা বাহিনীর প্রধান জেনারেল মনোজ মুকুন্দ নরভানে ৮ এপ্রিল ঢাকায় এসেছিলেন, তখন এক লাখ টিকা উপহার দিয়েছিলেন তিনি।