English Version
আপডেট : ২৪ আগস্ট, ২০২১ ১৩:৫৪

মশক নিয়ন্ত্রণে কাজ শুরু করছেন ৫৪ জন স্প্রেম্যান সুপারভাইজার

অনলাইন ডেস্ক
মশক নিয়ন্ত্রণে কাজ শুরু করছেন ৫৪ জন স্প্রেম্যান সুপারভাইজার

মশক নিয়ন্ত্রণে ৫৪জন স্প্রেম্যান সুপারভাইজারের প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে।  যারা আগামী ২ সেপ্টেম্বর থেকে প্রত্যেকটি অঞ্চলের মশক কর্মীদেরকে হাতে-কলমে শেখাবেন।  মঙ্গলবার ২৪ আগস্ট প্রশিক্ষণ কর্মসূচীটির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ তথ্য জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন-ডিএনসিসি মেয়র মোঃ আতিকুল ইসলাম। 

মেয়র তার বক্তব্যে বলেন, মশক নিয়ন্ত্রণে প্রত্যেক স্প্রেম্যান সুপারভাইজারকে সংশ্লিষ্ট ওয়ার্ডের দায়িত্ব নিয়ে আন্তরিকভাবে কাজ করতে হবে।  ডিএনসিসির আঞ্চলিক অফিসগুলোতে ইতোমধ্যে মশক নিধন কর্মীদের জন্য বায়োমেট্রিক হাজিরা চালু করা হয়েছে, আগামী ১ সেপ্টেম্বর থেকে প্রত্যেকটি ওয়ার্ডেই মশক কর্মীদের বায়োমেট্রিক হাজিরা নিশ্চিত করা হবে।

মোঃ আতিকুল ইসলাম বলেন, প্রথমবারের মতো ডিএনসিসিতে আজ ৫৪জন স্প্রেম্যান সুপারভাইজারকে প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। স্প্রেম্যান সুপারভাইজারগণ তাদের প্রশিক্ষণলব্ধ জ্ঞানকে কাজে লাগিয়ে আগামী ২ সেপ্টেম্বর থেকে প্রত্যেকটি অঞ্চলের মশক কর্মীদেরকে হাতে-কলমে শেখাবেন।

কেউ ফাঁকিবাজি করলে কিংবা কারও বিরুদ্ধে সুস্পষ্ট কোন অভিযোগ পাওয়া গেলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে জানিয়ে মেয়র বলেন, প্রয়োজনে তাকে চাকুরি থেকে বরখাস্ত করা হবে।  স্থানীয় কাউন্সিলরসহ সমাজের সর্বস্তরের মানুষকে সম্পৃক্ত করেই মশাকে নিয়ন্ত্রণ করতে হবে।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মোঃ জোবায়দুর রহমান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক (কীটতত্ব) কবিরুল বাসার, সংশ্লিষ্ট কাউন্সিলর ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।