English Version
আপডেট : ১৮ আগস্ট, ২০২১ ০৮:২৬

রাজধানীতে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু

অনলাইন ডেস্ক
রাজধানীতে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু

রাজধানীর মহাখালীতে ট্রেনের ধাক্কায় আবু হানিফ (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৭ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে মহাখালী ও বনানী সৈনিক ক্লাবের মধ্যবর্তী স্থানে এ দুর্ঘটনা ঘটে।

হানিফ ময়মনসিংহের তারাকান্দা উপজেলার মৃত ইয়াকুব আলী সন্তান। বর্তমানে তেজগাঁওয়ের নাখালপাড়ায় থাকতেন।নিহতের সহকর্মী রাজু আহমেদ জানান, সৈনিক ক্লাবের পার্শ্বে এলিভেটেড এক্সপ্রেসওয়ে একটি কোম্পানির সাব কন্ডাক্টরের মাধ্যমে মিস্ত্রির হেলপার হিসেবে কাজ করতেন হানিফ। রাত সাড়ে ৮টার দিকে মহাখালী ও বনানী সৈনিক ক্লাবের মধ্যবর্তী স্থানে রেললাইনের উপর বসে মোবাইল দেখছিলেন তিনি। এ সময় কমলাপুর থেকে ছেড়ে আসা বিমানবন্দরগামী একটি ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হন হানিফ। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।  

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে।