English Version
আপডেট : ১৫ আগস্ট, ২০২১ ১৭:১৭

১০ ট্রাক অস্ত্র মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি রহিম মারা গেছেন

অনলাইন ডেস্ক
১০ ট্রাক অস্ত্র মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি রহিম মারা গেছেন

১০ ট্রাক অস্ত্র মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ও এনএসআইয়ের সাবেক মহাপরিচালক ব্রিগেডিয়ার (অব.) আব্দুর রহিম (৬৮) মারা গেছেন। রবিবার সকাল ৮টা ১৪ মিনিটে রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে তিনি মারা যান।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন কারা মহাপরিদর্শক (আইজি-প্রিজন) ব্রিগেডিয়ার জেনারেল মো. মোমিনুর রহমান মামুন।

জানা যায়, করোনা পজিটিভ হওয়ায় কয়েকদিন আগে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ থেকে সোহরাওয়ার্দী হাসপাতালের ৫ নম্বর ওয়ার্ডে করোনা ইউনিটে ভর্তি করা হয় আব্দুর রহিমকে। পরে অবস্থার অবনতি হওয়ায় তাকে আইসিইউতে স্থানান্তর করে হাসপাতাল কর্তৃপক্ষ। সেখাইনেই চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার মরদেহ ওই হাসপাতালের মর্গে রাখা হয়েছে।প্রসঙ্গত, ২০১৪ সালের ৩০ জানুয়ারি চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালত এবং বিশেষ ট্রাইব্যুনাল-১-এ ১০ ট্রাক অস্ত্র মামলার রায় ঘোষণা করা হয়। এ মামলায় বিএনপি নেতা সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবদুর রহিমসহ ১৪ জনকে মৃত্যুদণ্ড দেন আদালত। মামলাটি বর্তমানে উচ্চ আদালতে বিচারাধীন।