English Version
আপডেট : ১১ আগস্ট, ২০২১ ১৪:৩৩

আগামী ২০ আগস্ট আশুরা পালিত হবে

অনলাইন ডেস্ক
আগামী ২০ আগস্ট আশুরা পালিত হবে

বাংলাদেশের আকাশে সোমবার মহররম মাসের চাঁদ দেখা যায়নি বলে আগামী ২০ অগাস্ট শুক্রবার আশুরা পালিত হবে।হিজরি মহররম মাসের ১০ তারিখ আশুরায় বাংলাদেশে সরকারি ছুটি থাকে। তবে এবার তা সাপ্তাহিক ছুটির দিনে পড়ল।

মহররম মাস শুরুর আগে সোমবার সন্ধ্যায় বায়তুল মোকাররম জাতীয় চাঁদ দেখা কমিটির সভা বসে। এতে সভাপতিত্ব করেন ধর্ম মন্ত্রণালয়ের সচিব মো. নূরুল ইসলাম।সচিব বলেন, “সোমবার বাংলাদেশের আকাশে কোথাও মহররম মাসের চাঁদ দেখা যায়নি। আগামী ১১ অগাস্ট বুধবার থেকে মহররম মাস গণনা শুরু হবে এবং আগামী ২০ অগাস্ট শুক্রবার পবিত্র আশুরা পালিত হবে।”

১০ মহররম মুসলিম বিশ্বে ত্যাগ ও শোকের প্রতীক। বাংলাদেশে ধর্মপ্রাণ মুসলমানরা ধর্মীয় অনুশাসনের মধ্য দিয়ে পালন করেন দিনটি।

এই দিনে মহানবী হজরত মুহাম্মদ (স.)-এর দৌহিত্র হজরত ইমাম হোসেন (রা.) ফোরাত নদীর তীরে কারবালা প্রান্তরে শহীদ হন। সেই থেকে মুসলিম বিশ্বে কারবালার শোকাবহ ঘটনাকে ত্যাগ ও শোকের প্রতীক হিসেবে পালন করা হয়।

 হিজরি নববর্ষ বিশ্ব মানবতাকে ইসলামের সুমহান আদর্শ ও ত্যাগের দিকেই আহবান করে। হিজরি নববর্ষ হয়ে ওঠুক মুসলিম উম্মাহর কল্যাণ ও মুক্তির বছর। আসুন হিজরি নববর্ষে ইসলামের আলোয় আলোকিত হই। বিগত দিনের অন্যায় ও গোনাহ থেকে মুক্তি লাভ করি। যে মহান উদ্দেশ্যকে স্মরণ করতে হিজরি সন শুরু হয়েছিল,  আল্লাহ তাআলা সমগ্র মুসলিম উম্মাহকে হিজরি বর্ষের যে স্মরণ, মযাদা ও কল্যাণের প্রতি লক্ষ্য রাখার, আমলি জিন্দেগি যাপন করার তাওফিক দান করুন। আমিন।