English Version
আপডেট : ১ আগস্ট, ২০২১ ১০:৩৯

তাপমাত্রার পূর্বাভাসে যা জানালো আবহাওয়া অফিস

অনলাইন ডেস্ক
তাপমাত্রার পূর্বাভাসে যা জানালো আবহাওয়া অফিস

গত কয়েকদিন দেশে বিভিন্ন স্থানে বৃষ্টিপাত হয়েছে। তবে এবার তাপমাত্রা নিয়ে দুঃসংবাদ জানিয়েছে আবহাওয়া অফিস। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা আজ রোববার (১ আগস্ট) সামান্য বাড়ার সম্ভাবনা রয়েছে বলে জানা যায়। আবহাওয়া অফিদফতর সূত্রে আরো জানা গেছে, বরিশাল, চট্টগ্রাম, ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, ও খুলনা বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এর আগে, শনিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় ৩৩ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। শনিবার দেশে সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড করা হয়েছে ফেনীতে ১৪৫ মিলিমিটার।

আবহাওয়া চিত্রের সংক্ষিপ্তাসারে বলা হয়েছে— পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত স্থল নিম্নচাপটি বর্তমানে সুস্পষ্ট লঘুচাপ হিসেবে বিহার ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, হরিয়ানা, উত্তরপ্রদেশ, সুস্পষ্ট লঘুচাপের কেন্দ্রস্থল, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের কেন্দ্রস্থল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।