English Version
আপডেট : ২৯ জুলাই, ২০২১ ১২:৪০

সাঈদ খোকনের ব্যাংক হিসাবের তথ্য তলব

অনলাইন ডেস্ক
সাঈদ খোকনের ব্যাংক হিসাবের তথ্য তলব

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র সাঈদ খোকনের ব্যাংক হিসাব তলব করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। সাবেক এই মেয়রের ব্যাংক হিসাবে কী পরিমাণ অর্থ জমা আছে বা কী পরিমাণ লেনদেন হয়েছে তা জানাতে ব্যাংকগুলোকে চিঠি দিয়েছে আর্থিক খাতের এই গোয়েন্দা সংস্থাটি।

গত মঙ্গলবার বিএফআইইউ থেকে ব্যাংকগুলোতে ওই চিঠি পাঠানো হয়। চিঠিতে আগামী তিন কার্যদিবসের মধ্যে কোনো ব্যাংকে সাঈদ খোকনের ব্যাংক হিসাব থাকলে তার সব তথ্য বিএফআইইউতে পাঠাতে বলা হয়।

ঈদের আগে আদালতের নির্দেশে দুর্নীতি দমন কমিশন সাঈদ খোকনসহ তার পরিবারের সদস্যদের ৮টি ব্যাংক হিসাবের লেনদেন স্থগিত (জব্দ) করেছিল। ওই ৮টি ব্যাংক হিসাবের মধ্যে সাঈদ খোকনের ব্যবসা প্রতিষ্ঠানের ৩টি অ্যাকাউন্ট রয়েছে। এ ছাড়া তার মা ফাতেমা হানিফের একটি, বোন শাহানা হানিফের দুটি ও স্ত্রী ফারহানা আলমের দুটি অ্যাকাউন্ট রয়েছে। ওই ব্যাংক হিসাবগুলোতে অস্বাভাবিক বিপুল পরিমাণ অর্থ লেনদেন করা হয়েছে বলে দুদকের কাছে অভিযোগ রয়েছে। অভিযোগটি সুষ্ঠু তদন্তের প্রয়োজনে ব্যাংক হিসাবগুলো থেকে যেন অর্থ উত্তোলন, স্থানান্তর বা হস্তান্তর করা না যায়, সে বিষয়টি নিশ্চিত করতে ব্যাংক হিসাবগুলো জরুরি ভিত্তিতে অবরুদ্ধ করা প্রয়োজন জানিয়ে আদালতে আবেদন করে দুদক। 

আবেদনে আরও বলা হয়, অভিযুক্তরা ওই ব্যাংক হিসাবের অর্থ স্থানান্তর করতে চেষ্টা করেছেন; যা তদন্তে উঠে এসেছে। অভিযোগ নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এসব অস্থাবর সম্পত্তি স্থানান্তর বা হস্তান্তর হয়ে গেলে রাষ্ট্রের ব্যাপক ক্ষতি হবে। এ নিয়ে সাঈদ খোকন সংবাদ সম্মেলন করে বলেছিলেন, কোনো অবৈধ টাকা লেনদেন তিনি বা তার পরিবার করেননি।

গত বছর ডিসেম্বরে প্রায় ৩৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাঈদ খোকনসহ সাতজনের বিরুদ্ধে একটি মামলা হয় আদালতে। রাজধানীর ফুলবাড়িয়া সিটি মার্কেট ২, ব্লক-এ ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি দেলোয়ার হোসেন ওই মামলা করেন।