English Version
আপডেট : ২৬ জুলাই, ২০২১ ১৬:০২

লকডাউনে গার্মেন্টস খুলবে কিনা, যা বললেন প্রতিমন্ত্রী

অনলাইন ডেস্ক
লকডাউনে গার্মেন্টস খুলবে কিনা, যা বললেন প্রতিমন্ত্রী

করোনাভাইরাসের সংক্রমণ রোধে কঠোর লকডাউনের মধ্যে শিল্পকারখানা খোলার প্রমাণ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

সোমবার (২৬ জুলাই) মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

এসময় পোশাক কারখানা খুলে দেয়ার বিষয়ে কোন চিন্তা-ভাবনা এখন পর্যন্ত নেই বলেও জানান জনপ্রশাসন প্রতিমন্ত্রী।

লকডাউনের মধ্যেও অনেকে শিল্পকারখানা চালু রেখেছেন- এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে প্রতিমন্ত্রী বলেন, ‘কেউ খুলে থাকলে তা পর্যবেক্ষণ করছি, কারা খুলছে? যদি খুলে থাকে, প্রমাণ পাওয়া যায়, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।’

তিনি বলেন, ‘বর্তমানে কঠোর বিধিনিষেধের কোনো বিকল্প নেই। করোনা যেভাবে ছড়িয়ে গেছে, সে বিষয় নিয়ে আজ ক্যাবিনেটে আলোচনা হয়েছে।’

‘রাস্তায় যখন মানুষ নামছে, তখন বলছে আমার চাকরিতে যেতে হচ্ছে। আসলে এটার সত্যতা যাচাই করার চেষ্টা করছি। তারা যে সব নাম বলছে, সেগুলো চেক করার চেষ্টা করছি।’