English Version
আপডেট : ১৯ জুলাই, ২০২১ ১৭:৪৭

ঈদের আগে রেমিট্যান্স এলো ১০ হাজার ৭০০ কোটি টাকা

অনলাইন ডেস্ক
ঈদের আগে রেমিট্যান্স এলো ১০ হাজার ৭০০ কোটি টাকা

পবিত্র ঈদুল আজহা সামনে রেখে করোনা মহামারির মধ্যেও প্রবাসী বাংলাদেশিরা রেমিট্যান্স পাঠানোর ধারা অব্যাহত রেখেছেন। ঈদের আগে জুলাই মাসের প্রথম ১৫ দিনে ১২৬ কোটি ৪২ লাখ মার্কিন ডলার দেশে পাঠিয়েছেন প্রবাসীরা। যা বাংলাদেশি মুদ্রায় ১০ হাজার ৭০০ কোটি টাকার বেশি। 

সোমবার (১৯ জুলাই) বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।রেমিট্যান্সের এ প্রবাহ অব্যাহত থাকলে মাস শেষে রেকর্ড পরিমাণ প্রবাসী আয় অর্জন করবে বাংলাদেশ।

কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদন বলছে, চলতি জুলাই মাসের প্রথম ১৫ দিনে সবচেয়ে বেশি রেমিট্যান্স বা প্রবাসী আয় এসেছে বেসরকারি ইসলামী ব্যাংকের মাধ্যমে। ব্যাংকটির মাধ্যমে এসেছে ৩৮ কোটি ৭৮ লাখ ডলার। এরপর ডাচ-বাংলা ব্যাংক ১৬ কোটি ৯২ লাখ, অগ্রণী ব্যাংক ১৩ কোটি ৭৬ লাখ ও সোনালী ব্যাংক এনেছে ৭ কোটি ৬৪ লাখ ডলার।

উল্লেখ্য, গত জুন মাসে প্রবাসী বাংলাদেশিরা ১৯৪ কোটি মার্কিন ডলার রেমিট্যান্স দেশে পাঠিয়েছেন। ফলে সদ্য সমাপ্ত ২০২০-২১ অর্থবছরে দেশে রেমিট্যান্স আহরণের পরিমাণ দাঁড়িয়েছে ২ হাজার ৪৭৭ কোটি ৭৭ লাখ ডলার। যা বাংলাদেশি মুদ্রায় দুই লাখ ১০ হাজার ৬১০ কোটি টাকার বেশি। এটি আগের অর্থবছরের চেয়ে ৩৬ দশমিক ১০ শতাংশ বেশি। এর আগে কোনো অর্থবছরে এত পরিমাণ রেমিট্যান্স আসেনি বাংলাদেশে।