English Version
আপডেট : ১৯ জুলাই, ২০২১ ১৫:৪৬

ক্ষুব্ধ মেয়র, বললেন ‘প্রয়োজনে গাবতলীর পশুর হাট বন্ধ’

অনলাইন ডেস্ক
ক্ষুব্ধ মেয়র, বললেন ‘প্রয়োজনে গাবতলীর পশুর হাট বন্ধ’

কোভিড-১৯ এর ঊর্দ্বমুখী সংক্রমণের মধ্যে জমে উঠা রাজধানীর গাবতলী পশুর হাটকে ১০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। স্বাস্থ্যবিধি ভঙ্গ করায় হাট কর্তৃপক্ষকে এই জারিমানা করেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম। করোনার ভয়াবহ প্রকোপের মধ্যে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে হাটগুলো পরিচালনার কথা থাকলেও হাটের সার্বিক চিত্র দেখে ক্ষোভ প্রকাশ করেছেন ডিএনসিসির এই মেয়র। তিনি বলেছেন, ‘গাবতলী হাটে এসে সার্বিক চিত্র আমার কাছে মোটেও ভালো লাগেনি। এটিই হচ্ছে সত্য কথা। এই চিত্র আপনারাও দেখছেন, আমিও দেখছি এবং জনগণও দেখছে।’ পরে তিনি প্রয়োজনে হাট বন্ধ করারও হুঁশিয়ারি দেন।

সোমবার নগরীর গাবতলীতে স্থায়ী পশুর হাট পরিদর্শনে যান মেয়র। এ সময় মেয়র স্বাস্থ্যবিধি লংঘন করায় গাবতলী হাটকে ১০ লাখ টাকা জরিমানা করেন এবং ১ ঘণ্টার জন্য হাসিল বন্ধ করে দেন। এসময় তিনি বলেন, এবছরই প্রথম উত্তর সিটি করপোরেশনের ৯টি হাটে ৯টি এন্টিজেন টেস্ট বুথ বসানো হয়েছে। তাতে তিনজনের শরীরে করোনা ধরাও পড়েছে। এরপরও তারা উদাসীন। এটা সিটি করপোরেশনের হাটে হতে পারে না।

যেসব চুক্তি ও শর্ত অনুযায়ী হাট ইজারা দেওয়া হয়েছে সেই শর্তগুলো যথাযথ পরিপালন হচ্ছে কিনা তা পরিদর্শন করেন মেয়র। এসময় যারা মাস্ক ছাড়া হাটে প্রবেশ করেছেন তাদের মাঝে মাস্কও বিতরণ করেন তিনি। মাস্ক বিহীন অনেক পশু ব্যবসায়ীকে তিনি মাস্ক পরিয়ে দেন।