English Version
আপডেট : ১৫ জুলাই, ২০২১ ১০:৩৬

ফ্লাইট না চালানোর হুমকি দিল বিমান বাংলাদেশের পাইলটরা

অনলাইন ডেস্ক
ফ্লাইট না চালানোর হুমকি দিল বিমান বাংলাদেশের পাইলটরা

আগামী ৩০ জুলাইয়ের মধ্যে অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে বেতন সমন্বয় করা না হলে বাংলাদেশ বিমান ও পাইলটদের মাঝে হওয়া দ্বিপাক্ষিক চুক্তির বাইরে ফ্লাইট পরিচালনা না করার হুমকি দিয়েছেন বিমানের পাইলটরা।

বুধবার (১৫ জুলাই) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পাইলটদের সংগঠন বাংলাদেশ পাইলট অ্যাসোসিয়েশনের (বাপা) নির্বাহী কমিটি এই সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধান্ত কার্যকর হলে ৩০ জুলাইয়ের পর সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরাতের ফ্লাইট পরিচালনার জন্য পাইলট পাবে না বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

এছাড়া বাপা নেতারা জানিয়েছেন, তাদের দাবি না মানলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। প্রয়োজনে ফ্লাইট চালানো হবে না। বেতন বৈষম্য দূর না করে উল্টো তড়িঘড়ি করে গত মঙ্গলবার বিমানের প্রশাসন শাখা একটি আদেশ জারি করায় এ ধরনের সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন বলে জানিয়েছেন পাইলটরা।

বাপার বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী আগামী ৩০ জুলাইয়ের পর থেকে পাইলটরা শুধুমাত্র বিমান ও বাপার মধ্যে সম্পাদিত দ্বিপাক্ষিক চুক্তিপত্র অনুযায়ী ফ্লাইট পরিচালনা করবেন। তবে করোনা মহামারী চলাকালীন সময়ে চিকিৎসা সংক্রান্ত সরঞ্জাম, ওষুধপত্র, ভ্যাকসিন পরিবহনের জন্য যেকোনো ফ্লাইট পরিচালনার জন্য পাইলটরা প্রস্তুত থাকবেন। গত সোমবারও একই বিষয়ে বিমানের পরিচালক, ফ্লাইট অপারেশনকে (ডিএফও) আলটিমেটাম দিয়েছিল বাপা।

পাইলটরা অভিযোগ করেছেন, বিমানের পরিচালক (প্রশাসন) জিয়াউদ্দীন আহমেদের একটি অফিস আদেশে সংস্থাটির সব কর্মকর্তা-কর্মচারীর বেতন কর্তনের সিদ্ধান্ত বাতিল করা হয়। কিন্তু পাইলটদের বেতন কাটার বিষয়টি বহাল থাকে। এরপর থেকেই ক্ষুব্ধ হন তারা। ওই আদেশে বলা হয়েছে বিমানে কর্মরত কর্মকর্তা এবং যেসব ককপিট ক্রুর চাকরির বয়স শূন্য থেকে পাঁচ বছর, জুলাই মাসে তাদের কোনো বেতন কাটা হবে না। তবে আদেশে ককপিট ক্রুদের বিষয়ে বলা হয়েছে যেসব ককপিট ক্রুর (পাইলট অন্তর্ভুক্ত) চাকরির বয়স ৫ থেকে ১০ বছর, জুলাই মাসে তাদের বেতন থেকে ৫ শতাংশ এবং যাদের চাকরিকাল ১০ বছর বা এর ঊর্ধ্বে তাদের ২৫ শতাংশ বেতন কাটা হবে। এমন বৈষম্যমূলক সিদ্ধান্তে ক্ষুব্ধ প্রতিক্রিয়া প্রকাশ করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পাইলটদের সংগঠন বাংলাদেশ পাইলট অ্যাসোসিয়েশন (বাপা)।

পাইলটরা বলছেন, যদি বিমানের পাইলটরা চুক্তির বাইরে ফ্লাইট না চালানোর সিদ্ধান্ত নেন, তাহলে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি, দুবাই, কাতারের দোহা, সৌদি আরবের দাম্মাম রুটে ফ্লাইট চলাচল বন্ধ হতে পারে।

সূত্রে জানা যায়, চলতি বছরের মে মাসে বাংলাদেশ বিমানে কর্মরতদের বেতন কাটার একটি সিদ্ধান্ত নেওয়া হয়। মঙ্গলবার (১৩ জুলাই) বিমানের পরিচালক (প্রশাসন) জিয়াউদ্দীন আহমেদের একটি অফিস আদেশে বিমানের সব কর্মকর্তা-কর্মচারীদের বেতন কর্তনের ওই সিদ্ধান্ত বাতিল করা হয়। তবে পাইলটদের ২৫ থেকে ৫০ শতাংশ বেতন কর্তনের বিষয়টি বহাল থাকে। মূলত এ সিদ্ধান্ত থেকেই পাইলটদের ক্ষোভের সূত্রপাত।

বাপার সভাপতি ক্যাপ্টেন মাহবুবুর রহমান বলেন, আমাদের সঙ্গে অন্যায় হচ্ছে। বাংলাদেশের কোনো ফ্রন্টলাইনারের বেতন কর্তন হয়েছে বলে আমার জানা নাই। প্রথমে কর্তন করা যেমন একটি অন্যায় হয়েছে, বর্তমানে পাইলট বাদে অন্যদের বেতন সমন্বয়ে আরেকটি অন্যায় করা হলো। অন্যান্য খাতে ফ্রন্টলাইনারদের প্রণোদনা দেওয়া হয়েছে, আর বিমানে প্রণোদনা তো দূরের কথা, কোয়ারেন্টাইনের জায়গাটিও দেওয়া হয়নি। এখন বেতন কর্তনের বৈষম্য করলো তারা। এ বিষয়টা কি পাইলটরা ভালোভাবে নিতে পারছেন? এমন পেইন দিয়ে, অনেকটা চাপের মধ্যে পাইলটকে ফ্লাইট পরিচালনা করানো হচ্ছে। আমাদের চাকরিটা গ্রাউন্ড জব না।