English Version
আপডেট : ১৪ জুলাই, ২০২১ ১৭:৩৫

২৪ ঘন্টায় বেড়েছে শনাক্ত, মৃত্যু ২১০

অনলাইন ডেস্ক
২৪ ঘন্টায় বেড়েছে শনাক্ত, মৃত্যু ২১০

দেশে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় ২১০ জনের মৃত্যু হয়েছে।এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৭ হাজার ৫২ জন।

এছাড়া গত ২৪ ঘন্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১২ হাজার ৩৮৩ জন।এ নিয়ে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১০ লাখ ৫৯ হাজার ৫৩৮ জনে।

বুধবার (১৪ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘন্টায় সারা দেশে ৪২ হাজার ৪৯০টি নমুনা পরীক্ষা করা হয়েছে। নমুনা পরীক্ষার অনুপাতে রোগী শনাক্তের হার ২৯ দশমিক ১৪ শতাংশ।

এর আগে মঙ্গলবার দেশে মৃত্যু হয় ২০৩ জনের। শনাক্ত হয় ১২ হাজার ১৯৮ জনের দেহে।

এদিকে, মহামারি করোনাভাইরাসে আক্রান্ত এবং মৃত্যুর সংখ্যা আগের দিনের তুলনায় বেড়েছে। সর্বশেষ গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৮ হাজার ৪৬ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় মৃত্যু বেড়েছে প্রায় ২ হাজার। এতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৪০ লাখ ৬৫ হাজার ৩২৪ জনে।

একই সময়ের মধ্যে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৫ লাখ ৩ হাজার ২৩৭ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় নতুন শনাক্ত রোগীর সংখ্যা বেড়েছে প্রায় ১ লাখ ২৬ হাজার। এতে মহামারির শুরু থেকে ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮ কোটি ৮৫ লাখ ৭৮ হাজার ৯৪৩ জনে। এর মধ্যে সুস্থ হয়েছেন ১৭ কোটি ২৪ লাখ ৬ হাজার ২৬৩ জন।

বুধবার (১৪ জুলাই) সকালে করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটার থেকে এই তথ্য জানা গেছে।

ওয়ার্ল্ডওমিটারের সবশেষ তথ্য অনুযায়ী, করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে বিশ্বের ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনা সংক্রমিত হয়েছেন ৩ কোটি ৪৮ লাখ ৭ হাজার ৮১৩ জন আর মারা গেছেন ৬ লাখ ২৩ হাজার ৪৩৫ জন।

করোনায় আক্রান্তের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে প্রতিবেশী দেশ ভারত। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ৯৪ লাখ ৪ হাজার ৯৪০ জনে। এর মধ্যে মৃত্যু হয়েছে ৪ লাখ ১১ হাজার ৪৩৯ জনের।

লাতিন আমেরিকার দেশ ব্রাজিল করোনায় আক্রান্তের দিক থেকে তৃতীয় ও মৃত্যুর সংখ্যায় তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে। দেশটিতে মোট শনাক্ত রোগী ১ কোটি ৯১ লাখ ৫২ হাজার ৬৫ জন এবং মৃত্যু হয়েছে ৫ লাখ ৩৫ হাজার ৯২৪ জনের।

গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়ায়। এই সময়ের মধ্যে দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৮৬৪ জন এবং নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪৭ হাজার ৮৯৯ জন। অপরদিকে মহামারির শুরু থেকে দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ২৬ লাখ ১৫ হাজার ৫২৯ জন এবং মৃত্যু হয়েছে ৬৮ হাজার ২১৯ জনের।

এছাড়া এখন পর্যন্ত ফ্রান্সে ৫৮ লাখ ২০ হাজার ৮৪৯ জন, রাশিয়ায় ৫৮ লাখ ৩৩ হাজার ১৭৫ জন, যুক্তরাজ্যে ৫১ লাখ ৯১ হাজার ৪৫৯ জন, ইতালিতে ৪২ লাখ ৭৩ হাজার ৬৯৩ জন, তুরস্কে ৫৪ লাখ ৯৩ হাজার ২৪৪ জন, স্পেনে ৪০ লাখ ১৫ হাজার ৮৪ জন, জার্মানিতে ৩৭ লাখ ৪৫ হাজার ২৮৭ জন এবং মেক্সিকোতে ২৫ লাখ ৯৩ হাজার ৫৭৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

অন্যদিকে করোনায় আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ফ্রান্সে এক লাখ ১১ হাজার ৪০৭ জন, রাশিয়ায় এক লাখ ৪৪ হাজার ৪৯২ জন, যুক্তরাজ্যে এক লাখ ২৮ হাজার ৪৮১ জন, ইতালিতে এক লাখ ২৭ হাজার ৮০৮ জন, তুরস্কে ৫০ হাজার ৩২৪ জন, স্পেনে ৮১ হাজার ৩৩ জন, জার্মানিতে ৯১ হাজার ৭৯৯ জন এবং মেক্সিকোতে ২ লাখ ৩৫ হাজার ৫৮ জন মারা গেছেন।