English Version
আপডেট : ১৩ জুলাই, ২০২১ ১১:৫৬

গ্রামে যাওয়া কর্মচারীদের ঢাকায় না আসার অনুরোধ

অনলাইন ডেস্ক
গ্রামে যাওয়া কর্মচারীদের ঢাকায় না আসার অনুরোধ

পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে করোনাভাইরাসের সংক্রমণ রোধে বিভিন্ন বিষয়ে সরকার আরোপিত বিধিনিষেধ আগামী ১৫ থেকে ২২ জুলাই পর্যন্ত শিথিল করা হবে। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জানা গেছে, ঈদুল আজহাকে সামনে রেখে আগামী ১৫ জুলাই থেকে স্বাস্থ্যবিধি মেনে চলবে সব ধরনের গণপরিবহন। একইসঙ্গে খুলবে দোকানপাট-শপিংমল, সেক্ষেত্রেও স্বাস্থ্যবিধি কঠোরভাবে মানতে হবে।

এদিকে চলমান লকডাউনে শপিংমল ও দোকানপাটে কাজ করা যেসব কর্মচারী ইতোমধ্যে ঢাকা থেকে গ্রামে চলে গেছে তাদেরকে ঢাকা না আসতে অনুরোধ জানিয়েছেন বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন। সোমবার (১২ জুলাই) দোকান খোলার প্রস্তুতির বিষয়ে জানতে চাওয়া হলে তিনি একটি গণমাধ্যমকে এসব কথা জানান।

হেলাল উদ্দিন বলেন, আগামী ১৫ জুলাই থেকে সরকারি নির্দেশনা অনুসারে স্বাস্থ্যবিধি মেনে শপিংমল ও দোকানপাট খোলা হবে। মাত্র চার থেকে পাঁচ দিনের জন্য আমরা দোকান খোলা রাখতে পারব। তাই এমন অবস্থায় যেসব কর্মচারী ঢাকায় রয়েছে তাদের নিয়েই আমরা ব্যবসা পরিচালনা করতে চাই। তিনি বলেন, ঢাকার বাইরের কর্মচারীরা মাত্র কয়েকদিনের জন্য ঢাকায় আসলে আবার ঈদের ছুটিতে বাড়িতে যাবে। ফলে তাদের দুর্ভোগে পড়তে হবে। এজন্য যারা গ্রামের বাড়ি চলে গেছেন তাদেরকে নিজ নিজ জায়গায় যথাযথ স্বাস্থ্যবিধি মেনে ঈদ উদযাপন করার আহবান জানান তিনি।