English Version
আপডেট : ১২ জুলাই, ২০২১ ১৬:৫৭

২৩ তারিখ পর্যন্ত শিথিল হচ্ছে কঠোর লকডাউন, যা কিছু খুলছে

অনলাইন ডেস্ক
২৩ তারিখ পর্যন্ত শিথিল হচ্ছে কঠোর লকডাউন, যা কিছু খুলছে

কুরবানি ঈদের মানুষের চলাচল ও পশুরহাটে কেনাবেচার বিবেচনায় লকডাউন শিথিলের সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামী ১৫ থেকে ২৩ জুলাই পর্যন্ত লকডাউন শিথিল করে শিগগিরই প্রজ্ঞাপন জারি করবে মন্ত্রিপরিষদ বিভাগ। এই সময়ে স্বাস্থ্যবিধি মেনে চলবে গণপরিবহণ। খোলা থাকবে শপিংমল ও দোকানপাট।

সোমবার ( ১২ জুলাই) বিকেলে মন্ত্রিপরিষধ বিভাগ থেকে এ তথ্য জানানো হয়েছে। আগামীকাল মঙ্গলবার ( ১৩ জুলাই) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হবে। এ সময় বন্ধ থাকবে সব ধরনের বেসরকারি প্রতিষ্ঠান তবে ভার্চুয়ালি চলবে সরকারি অফিস।

এ বিষয়ে সরকারের এক কর্মকর্তা জানান, প্রধানমন্ত্রী কার্যালয় থেকে এ বিষয়ক নথি অনুমোদন হয়ে মন্ত্রিপরিষদ বিভাগে এসেছে। ঊর্ধ্বতন কর্মকর্তার অনুমতি মিললেই যেকোনো সময় জারি হবে প্রজ্ঞাপন। সূত্রটি জানায়, ঈদ উপলক্ষে শিথিল শাটডাউনের আট দিন স্বাস্থ্যবিধি মেনে এক আসন ফাঁকা রেখে চলবে সব গণপরিবহন। খুলে দেয়া হবে দোকানপাট, শপিং মল। এ সময়ে সরকারি অফিস ভার্চুয়ালি খোলা থাকলেও বন্ধ থাকবে বেসরকারি অফিস।

তিনি বলেন, রোজার ঈদে মানুষজন যেভাবে বাড়ি গিয়েছেন, সে বিষয়গুলোকে এবার চিন্তায় রেখেছেন সরকারের নীতি নির্ধারকরা। তাই গণপরিবহন খুলে দেয়াকে অপেক্ষাকৃত ভালো সিদ্ধান্ত হিসেবে দেখছেন তারা।