English Version
আপডেট : ১১ জুলাই, ২০২১ ১৭:১৫

শিথিল হচ্ছে লকডাউন?

অনলাইন ডেস্ক
শিথিল হচ্ছে লকডাউন?

ঢাকা: আর মাত্র কয়েকদিন পরেই পবিত্র ঈদুল আজহা।করোনার ভয়াবহ পরিস্থিতিতে লকডাউনের এই মূহুর্তে দুশ্চিন্তায় রয়েছে কোরবানির জন্য বিক্রির অপেক্ষায় থাকা অন্তত সোয়া কোটি পশুর খামারি ও কৃষকরা। করোনার আঘাতে আয় কমেছে দেশের অধিকাংশ মানুষের। সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় কঠোর লকডাউনের মধ্য দিয়ে যাচ্ছে দেশ। এঅবস্থায় সবচেয়ে বড় আর্থিক লেনদেনের উৎসব ঈদুল আজহার বিশাল বাণিজ্য নিয়ে তৈরি হয়েছে শঙ্কা। এছাড়া গত ঈদুল ফিতরে জীবনের ঝুকি নিয়ে নাগরিকদের গ্রামে ফেরার অভিজ্ঞতায় স্বাস্থ্যবিধি মেনে যানবাহন পরিচালনার পক্ষে পুলিশ প্রশাসন। এসকল দিক বিবেচনায় ঘোষিত চলমান কঠোর লকডাউন শিথিল করার চিন্তা করছে সরকার।

এটি বাস্তবায়ন হলে চলমান বিধিনিষেধের সময়সীমা (১৪ জুলাই) পার হওয়ার পর নতুন করে এই কঠোর বিধিনিষেধ থাকবে না। স্বাস্থ্যবিধি মেনে ধীরে ধীরে সবকিছু খুলে দেওয়া হবে। সরকারি-বেসরকারি অফিস সীমিত পরিসরে খুলে দেওয়া হবে। স্বাস্থ্যবিধি মেনে চালু হবে গণপরিবহনও। মন্ত্রী পরিষদ সূত্রে এ তথ্য জানা গেছে।

উল্লেখ্য, দেশে করোনার সংক্রমণ ভয়াবহ রূপ ধারণ করলে গেল ১ জুলাই থেকে সাতদিনের কঠোর লকডাউন ঘোষণা করে সরকার। এরপরও সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় লকডাউনের সময়সীমা ১৪ জুলাই মধ্যরাত পর্যন্ত বাড়ানো হয়।৫ জুলাই এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ।

কঠোর বিধিনিষেধ বাস্তবায়নে শুরু থেকে পুলিশ, র‌্যাবের পাশাপাশি মাঠে রয়েছে বিজিবি ও সেনাবাহিনী।রাজধানীর বিভিন্ন সড়কে চেকপোস্টে চালানো হচ্ছে তল্লাশি। জরুরি প্রয়োজন ছাড়া অযৌক্তিক কারণে কেউ বাইরে বের হলে ভ্রাম্যমাণ আদালত গ্রেফতার ও জরিমানা করা হচ্ছে।