English Version
আপডেট : ১১ জুলাই, ২০২১ ১৬:২২

শুরু হচ্ছে সিনোফার্ম ও মডার্নার টিকা প্রয়োগ

অনলাইন ডেস্ক
শুরু হচ্ছে সিনোফার্ম ও মডার্নার টিকা প্রয়োগ

করোনা মোকাবিলায় সারা দেশের হাসপাতালগুলোতে আগামীকাল সোমবার (১২ জুলাই) চীনের সিনোফার্মের টিকা প্রয়োগ শুরু হবে। এছাড়া, মঙ্গলবার (১৩ জুলাই) সিটি করপোরেশন এলাকার হাসপাতালগুলোতে মডার্নার টিকা প্রয়োগ শুরু হবে। রোববার (১১ জুলাই) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত করোনা বুলেটিনে অধিদফতরের টিকা কর্মসূচির পরিচালক অধ্যাপক ডা. শামসুল হক।

তিনি বলেন, আজকের মধ্যেই সারাদেশের টিকা কেন্দ্রগুলোতে সিনোফার্মের টিকা পৌঁছে দেয়া হবে। আর শনিবার রাতেই সিটি করপোরেশনের ভেতরের টিকা কেন্দ্রগুলোতে মডার্নার টিকা পৌঁছে দেয়া হয়েছে। আশা করছি, কাল থেকে সারাদেশে সিনোফার্ম এবং পরশু থেকে মডার্নার টিকা প্রয়োগ শুরু করতে পারব।

তিনি আরও বলেন, ফাইজারের যে এক লাখ ডোজ টিকা পেয়েছিলাম, সেগুলো দিয়ে আমরা চারটি মেডিকেল কলেজ এবং তিনটি বিশেষায়িত হাসপাতালসহ ঢাকার মোট সাতটি কেন্দ্রে কার্যক্রম শুরু করেছি। এই সাতটি হাসপাতালে এখন ফাইজারের টিকার কার্যক্রম চলবে। এই কার্যক্রম শেষ হয়ে গেলে তারপর এসব কেন্দ্রে মডার্নার টিকা কার্যক্রম চালু হবে। তবে ঢাকার সাতটি হাসপাতাল বাদে বাকি ৪০টি কেন্দ্রে সিনোফার্মের টিকা কার্যক্রম আগামীকাল পর্যন্ত চলবে। ১৩ তারিখ থেকে সেগুলোতে মডার্নার টিকা দেওয়া হবে।

শামসুল হক আরও বলেন, আমাদের অনেক শিক্ষার্থী দেশের বাইরে পড়াশোনা করেন। তাদের টিকা এখনই প্রয়োজন। আমরা বিষয়টি প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করেছি। খুবই অল্পসময়ের মধ্যে এ বিষয়ে সিদ্ধান্ত নিতে পারব।