English Version
আপডেট : ৭ জুলাই, ২০২১ ১৭:০৮

ইভ্যালির বিরুদ্ধে মামলার নির্দেশ

অনলাইন ডেস্ক
ইভ্যালির বিরুদ্ধে মামলার নির্দেশ

ঢাকা: ই-কমার্স সাইট ইভ্যালির বিরুদ্ধে মামলার নির্দেশ দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।বুধবার (৭ জুলাই) দুর্নীতি দমন কমিশন (দুদক) ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে এ নির্দেশনা দিয়ে চিঠি দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।

বাংলাদেশ ব্যাংকের তদন্তে উঠে আসা আর্থিক অনিয়মগুলো তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নিতে এ চিঠি পাঠানো হয়েছে।

চিঠিতে বাণিজ্য মন্ত্রণালয় বলেছে, ‘ইভ্যালি ডটকমের চলতি সম্পদ দিয়ে মাত্র ১৬.১৪ শতাংশ গ্রাহককে পণ্য সরবরাহ করতে পারবে বা অর্থ ফেরত দিতে পারবে। বাকি গ্রাহক এবং মার্চেন্টের পাওনা পরিশোধ করা ওই কম্পানির পক্ষে সম্ভব নয়।

এ ছাড়া গ্রাহক ও মার্চেন্টদের কাছ থেকে নেওয়া ৩৩৮.৬২ কোটি টাকার কোনো হদিস পাওয়া যাচ্ছে না, যা আত্মসাৎ কিংবা অবৈধভাবে অন্যত্র সরিয়ে ফেলার আশঙ্কা রয়েছে।’ 

এদিকে মঙ্গলবার বাণিজ্য মন্ত্রণালয় এবং ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) যৌথ আয়োজনে সদ্য প্রকাশিত ‘ডিজিটাল কমার্স পরিচালনা নির্দেশিকা ২০২১’ বিষয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। জুম অনলাইনে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

বাণিজ্যমন্ত্রী বলেন, সদ্যোঘোষিত ডিজিটাল কমার্স পরিচালনা নির্দেশিকা বিক্রেতা ও ভোক্তা উভয়ের স্বার্থ সংরক্ষণ করবে। এই নির্দেশিকা প্রতিপালনের মাধ্যমে ই-কমার্স খাতে শৃঙ্খলা প্রতিষ্ঠিত হবে।

উল্লেখ্য, দেশে গত কয়েক বছরে বেশ কিছু ই-কমার্স সাইট হয়েছে, যেগুলো গ্রাহকদের অবিশ্বাস্য ছাড় দিয়ে পণ্য বিক্রি করছে। তবে টাকা নিয়েও পণ্য সরবরাহে বারবার সময় নেয়ার অভিযোগ আছে। তাদের ব্যবসার কৌশলও স্পষ্ট নয়। এ কারণে নানা সন্দেহ-সংশয় আছে মানুষের মধ্যে।

এর মধ্যেই ইভ্যালিকে নিয়ে বাংলাদেশ ব্যাংক একটি তদন্ত চালিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, কোম্পানিটি এক টাকা আয় করতে সাড়ে তিন টাকার বেশি ব্যয় করে। তাদের সম্পদের তুলনায় দেনা ছয় গুণ। ফলে তারা এই টাকা আদৌ পরিশোধ করতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।