English Version
আপডেট : ৭ জুলাই, ২০২১ ১৩:৩৯

টিসিবির লাইনে মধ্যবিত্তরাও

অনলাইন ডেস্ক
টিসিবির লাইনে মধ্যবিত্তরাও

সারা দেশে ট্রাকে করে স্বল্পমূল্যে পণ্য বিক্রি কার্যক্রম শুরু করেছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)।

মঙ্গলবার (৬ জুলাই) রাজধানীর বিভিন্ন পয়েন্টে টিসিবির পণ্য কিনতে লোকজনকে অপেক্ষা করতে দেখা গেছে। লম্বা লাইনে, নিম্নবিত্ত আর মধ্যবিত্ত মিলেমিশে একাকার। ঘণ্টার পর ঘণ্টা রোদে পুড়েও অনেকের মেলেনি টিসিবির পণ্য।

অনেকের ধারণা, স্বল্প আয়ের বা নিম্ন-আয়ের লোকজনই কেবল টিসিবির ট্রাক থেকে পণ্য কেনেন। কিন্তু করোনাকালে চিত্র বদলে গেছে অনেকটাই। অনটনে পড়ে লাইনে দাঁড়াচ্ছেন মধ্যবিত্তের মানুষজনও।

বিক্রেতারা বলছেন, যতটা পণ্য বরাদ্দ করা হয়, তার তুলনায় ক্রেতার সংখ্যা অনেক বেশি। ট্রাকে মসুর ডাল ও চিনি বিক্রি হচ্ছে প্রতি কেজি ৫৫ টাকায়। সয়াবিন তেল ১০০ টাকা লিটার।

মোহাম্মদপুরে টিসিবির লাইনে কথা হয়, দূরপাল্লার বাস চালক আব্দুর রহিমের সঙ্গে। তিনি বলেন, সব সময় বাজার থেকে নিত্যপণ্য কিনেছি। করোনার কারণে গত এক বছর ধরে ঘর-সংসার নিয়ে চরম বেকায়দায় পড়েছেন তিনি। ইতোমধ্যে অনেক ধার-দেনায়ও পড়েছেন। বাধ্য হয়ে টিসিবির লাইনে দাঁড়াতে হয়েছে তার।

পণ্য কিনতে না পেরে আক্ষেপ করতে দেখা গেছে চকবাজারের এক ক্ষুদ্র ব্যবসায়ীকে। তিনি বলেন, করোনা শেষ পর্যন্ত আমারে টিসিবির লাইনে দাঁড় করাইলো। কয়েক ঘণ্টা দাঁড়িয়ে থেকেও পণ্য কিনতে পারিনি। তার সিরিয়াল আসার আগেই পণ্য শেষ হয়ে গেছে। অবশেষে খালি হাতে ফিরতে হয়েছে মাসুমকে। খিলগাঁও রেলগেট এলাকা গিয়ে দেখা গেছে মানুষের দীর্ঘ লাইন। গাদাগাদি করে দাঁড়িয়ে আছে টিসিবির পণ্যবাহী ট্রাকের অপেক্ষায়। কিন্তু তখনো ট্রাক আসেনি।

কারো মুখে মাস্ক আছে, আবার কারও মুখে নেই। এর মধ্যে অধিকাংশ নারীদের মুখেই মাস্ক দেখা যায়নি। পণ্য কিনতে আসা মানুষজনের অভিযোগ, নির্ধারিত সময়েও ট্রাকগুলো নির্ধারিত এলাকায় আসে না। এতে আগে পণ্য সংগ্রহ করার জন্য অনেকেই লাইনে দাঁড়িয়ে থাকেন। ফলে গাদাগাদি করেই দাঁড়াতে হচ্ছে তাদের। এতে করোনা সংক্রমণের ঝুঁকি বাড়ছে বলে জানিয়েছেন তারা। কথা হয় আসমা বেগম নামে একজনের সঙ্গে।

তিনি বলেন, এক ঘণ্টার বেশি সময় থেইক্কা খাড়ায়া আছি। কত মানুষ অপেক্ষা করতেছে দেখছেন? কিন্তু কহন যে ট্রাক আইবো, কইতে তা পারতেছি না। এতো দেরি করে আইলে তো মানুষের ভিড় বাড়বোই। সরকার ট্রাকগুলারে তাড়াতাড়ি পাডাইতে পারে না?

স্বাস্থ্যবিধি মানছেন না কেন-সামছুল ইসলাম নামে এক ব্যক্তির কাছে জানতে চাইলে তিনি বলেন, সামাজিক দূরত্ব বজায় রেখে এখানে দাঁড়ালে রেলগেট থেকে রাজারবাগ পার হয়ে লাইন ফকিরাপুল পর্যন্ত চলে যাবে। এতো দূরে গিয়ে সিরিয়াল ধরে কে পণ্য কিনতে চাইবে? ‘কয়টা টাকা লাভের’ জন্য দীর্ঘ এই ভোগান্তি দূর করারও দাবি জানান তিনি।

প্রসঙ্গত, করোনা সংক্রমণের সময় ভোক্তাদের কম দামে পণ্য সরবরাহ করতে  গত সোমবার থেকে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন উপজেলায় ৪৫০টি ভ্রাম্যমাণ ট্রাকে করে সয়াবিন তেল, মসুর ডাল ও চিনি বিক্রি করছে টিসিবি। ছুটির দিন ছাড়া আগামী ২৯ জুলাই (ঈদুল আজহার ছুটি ছাড়া) পর্যন্ত এ কার্যক্রম চলবে।