English Version
আপডেট : ৬ জুলাই, ২০২১ ১৬:৫০

'চীনের ভ্যাকসিন উৎপাদিত হবে বাংলাদেশে'

অনলাইন ডেস্ক
'চীনের ভ্যাকসিন উৎপাদিত হবে বাংলাদেশে'

করোনাভাইরাসের টিকার যৌথ উৎপাদনে চীনা কোম্পানি আর অ্যান্ড ডি ভবিষ্যতে বাংলাদেশের সঙ্গে কাজ করবে বলে জানিয়েছে ঢাকায় নিযুক্ত চীনের ডেপুটি চিফ অব মিশন হুয়ালং ইয়ান। 

মঙ্গলবার (০৬ জুলাই) চীনের ডেপুটি চিফ অব মিশন তার ভেরিফায়েড ফেসবুক পেজে এক বার্তায় এ তথ্য জানান।

তিনি বলেন, চীন এ পর্যন্ত প্রায় ১০০টি দেশে টিকা সরবরাহ করেছে এবং কোভ্যাক্সের আওতায় প্রথম ব্যাচে আরো এক কোটি ডোজ টিকা সরবরাহ করবে। অনেক উন্নয়নশীল দেশেই চীনের টিকা প্রথমে পেয়েছে।

হুয়ালং ইয়ান আরো বলেন, চীন বহু উন্নয়নশীল দেশের সঙ্গে যৌথ গবেষণা, উন্নয়ন ও সমবায় উৎপাদন পরিচালনা করেছে এবং তৃতীয় পর্যায়ের ক্লিনিকাল ট্রায়াল পরিচালনায় বিদেশি সংস্থাগুলোকে সহযোগিতা করার জন্য সমর্থন করেছে।

তার মতে, চীনা টিকাগুলো সুরক্ষা এবং কার্যকারিতা ব্যাপকভাবে স্বীকৃত। এরই মধ্যে চীনের সবগুলো টিকা আন্তর্জাতিক মহলে বেশ সুনাম অর্জন করেছে। পাশাপাশি বাংলাদেশে সিনোফার্মের টিকার প্রয়োগ শুরু হয়েছে।

গত ২১ মে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মো‌মে‌নের স‌ঙ্গে টে‌লি‌ফো‌নে আলাপ করেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। সেদিন চীনা পররাষ্ট্রমন্ত্রী জানান, বাংলাদেশে করোনার টিকার যৌথ উৎপাদনে চীনা কোম্পানিগুলোকে উৎসাহিত করা হবে।

এর আগে পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন বাংলাদেশের সঙ্গে চীনের করোনা টিকার যৌথ উৎপাদনের অনুরোধ করেন। সেই অনুরোধের পরিপ্রেক্ষিতে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বাংলাদেশকে ঘনিষ্ঠ বন্ধু রাষ্ট্র উল্লেখ করে বলেন, চীন বাংলাদেশে করোনার টিকার যৌথ উৎপাদনে সে দেশের কোম্পানিগুলোকে উৎসাহিত করবে।