English Version
আপডেট : ৫ জুলাই, ২০২১ ১০:৪৭

দেশে আক্রান্ত ৭৮ শতাংশের দেহে ‘ডেল্টা ভ্যারিয়েন্ট’

অনলাইন ডেস্ক
দেশে আক্রান্ত ৭৮ শতাংশের দেহে ‘ডেল্টা ভ্যারিয়েন্ট’

ঢাকা: দেশে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১৫৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত দেশে করোনায় মোট মৃত্যু হয়েছে ১৫ হাজার ৬৫ জনে।দেশে এযাবৎকালের মধ্যে এটিই সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড।

এছাড়া গত ২৪ ঘন্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৮ হাজার ৬৬১ জন। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৯ লাখ ৪৪ হাজার ৯১৭ জনে।

রোববার (৪ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, গত ২৪ ঘন্টায় দেশে নমুনা পরীক্ষা করা হয়েছে ২৯ হাজার ৮৭৯টি। নমুনা পরীক্ষার অনুপাতে রোগী শনাক্তের হার ২৮ দশমিক ৯৯ শতাংশ। 

এদিকে, দেশে করোনায় আক্রান্তদের ৭৮ শতাংশের দেহেই ভারতীয় ধরন তথা ডেল্টা ভ্যারিয়েন্ট মিলেছে বলে জানিয়েছে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)।

দেশজুড়ে জুন মাসে তাদের করা করোনার জিনোমসিকোয়েন্সে এ তথ্য উঠে এসেছে বলে জানানো হয়েছে।

আইইডিসিআরের ওয়েবসাইটে রোববার সন্ধ্যায় এ তথ্য প্রকাশ করা হয়।

প্রতিবেদনে বলা হয়, ডিসেম্বর থেকে দেশে করোনার জিনোম সিকোয়েন্সিং করা হচ্ছে। এর অংশ হিসেবে জুন মাসের জিনোমসিকোয়েন্সে দেখা যায়, করোনায় আক্রান্তদের ৭৮ শতাংশই ভারতীয় ধরনে সংক্রমিত।

এমন পরিস্থিতিতে শুধু বাংলাদেশে নয়, আগামী কয়েক মাসে পুরো বিশ্বেই সংক্রমণ ছড়াতে পারে করোনাভাইরাসের ডেল্টা ভ্যারিয়েন্ট। ইতোমধ্যে প্রায় ১০০টি দেশে এই ভ্যারিয়েন্টের অস্তিত্ব পাওয়া গেছে।

ভারতে প্রথম শনাক্ত হওয়া করোনার এই ভ্যারিয়েন্ট ভারতীয় ধরন হিসেবেও পরিচিত। দ্রুত সংক্রমণ ছড়ানোর ক্ষমতা অনেক বেশি হওয়ায় বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। 

গত ২৯ জুন প্রকাশিত করোনার সাপ্তাহিক রিপোর্টে ডব্লিউএইচও জানিয়েছে, এখন পর্যন্ত বিশ্বের ৯৬টি দেশে ডেল্টা ভ্যারিয়েন্টের অস্তিত্ব মিললেও প্রকৃত সংখ্যা ১শ'র উপরে হওয়ার কথা। কারণ ভাইরাসের ধরন চিহ্নিতকরণের জন্য যে পরিকাঠামোর প্রয়োজন, তা অনেক দেশেই নেই। ফলে আসল সংখ্যা সামনে আসছে না।