English Version
আপডেট : ৪ জুলাই, ২০২১ ১১:৩৯

‘লকডাউনে ভিক্ষাও নাই’

অনলাইন ডেস্ক
‘লকডাউনে ভিক্ষাও নাই’

 লকডাউন চলছে দেশজুড়ে। কিন্তু খেটে খাওয়া নিম্ন-আয়ের শ্রমজীবী মানুষ এখন প্রায় সবাই কর্মহীন। চরম কষ্টে কাটছে তাদের জীবন। রাজধানীর তেজগাঁও, শাহবাগ, ধানমন্ডি, ফার্মগেট, নিউমার্কেট, কারওয়ানবাজারসহ বিভিন্ন এলাকার ভাসমান নিম্ন-আয়ের মানুষের সঙ্গে কথা বলে জানা যায় এমনই তথ্য।

ঢাকা শহরে ফুটপাত ও বস্তিতে অনেক নিম্ন-আয়ের শ্রমজীবী মানুষ ভাসমান অবস্থায় থাকেন। তারা প্রায় সবাই সংসারে অভাব-অনটনের কারণে পেটের দায়ে বিভিন্ন জেলা থেকে এসেছেন। অনেকে আবার নিজ পরিবারের একমাত্র আয়ের উৎস। এসব নিম্নবিত্ত মানুষ দিনমজুরের কাজ, রিকশা চালানো, বাসাবাড়ির কাজ, ফুটপাতে চা-সিগারেট বিক্রি করে জীবনযাপন করেন। করোনাকালের এই চলমান লকডাউনে দু’মুঠো ভাতের জোগাড় করতে তাদের হিমশিম খেতে হচ্ছে। সরেজমিন দেখা যায়, অনেকে পারছেন না কোনো কাজ করতে। বাসাবাড়িতেও কাজের জন্য নেওয়া হচ্ছে না তাদের। আবার কর্মহীন অনিশ্চিত জীবনের চিন্তা করে ঝুঁকি নিয়ে ট্রাকে করে ফিরছেন বাড়িতে কেউ কেউ।

এই ছিন্নমূল নিম্ন-আয়ের মানুষের আয়ের সব পথ লকডাউনে বন্ধ হয়ে আছে। খাবারের অপেক্ষায় শুকনো মুখে তাকিয়ে থাকেন তারা। কোথাও কেউ খাবার নিয়ে আসছে কি না এই ভেবে। গত বছর সরকার ও বিভিন্ন সংস্থা থেকে লকডাউন চালাকালে চাল, ডালসহ নিত্যপ্রয়োজনীয় জিনিস নিম্ন-আয়ের লোকজন পেলেও এবার সেসবের দেখা খুব একটা মেলেনি।

আলেয়া বেগমের মাত্র ১২ বছর বয়সে বিয়ে হয়। স্বামী মারা গেছেন সড়ক দুর্ঘটনায়। কিন্তু রেখে যান ৩ বছরের সালমা ও ৬ মাস বয়সের সুফি নামে দুই মেয়ে। স্বামী মারা যাওয়ার কিছুদিন পর পেটের দায়ে ছুটে আসেন কর্মব্যস্ত শহরে। তিনি বলেন, গত পাঁচ মাস আগে অ্যাক্সিডেন্টে স্বামী মারা যায়। দুই বাচ্চা নিয়ে সংসার চালাতে কষ্ট হয়। এরপর চলে আসি ঢাকায় বাসাবাড়িতে কাজ করার জন্য। বাসাবাড়িতে কাজ করে দুই মেয়েকে নিয়ে চলে যাচ্ছিল। লকডাউনের কারণে বাসাবাড়ির কাজ বন্ধ করে দিয়েছে। এখন এই দুই বাচ্চা নিয়ে রাস্তায় রাস্তায় ভিক্ষা করি। লকডাউনে মানুষ নেই। ভিক্ষাও কেউ দিচ্ছে না। বাচ্চাগুলোকে নিয়ে অনেক কষ্টে আছি। রাত হলে ফার্মগেট এলাকায় রাস্তায় ঘুমাই।

কারওয়ানবাজার ফুটপাত থেকে ৬৮ বছর বয়সি উলিয়া বেগম বলেন, গত ৩০ বছর ধরে তিনি ঢাকায়। স্বামী মারা গেছেন অনেক আগে। অন্ধ ছেলেকে নিয়ে জামালপুর থেকে ঢাকায় চলে আসেন। ঢাকায় এসে ছেলেকে নিয়ে ভিক্ষা করেন। এই করোনার লকডাউনে ভিক্ষাও কেউ দিচ্ছে না।

কাঁটাবন এলাকায় সাফি বেগম (৭০) বলেন, গাইবান্ধা থেকে ঢাকায় এসেছি ২০ বছর আগে। কোনো ছেলেমেয়ে নেই। স্বামী দেশ স্বাধীনের সময় ঘর থেকে বের হয়ে গিয়ে আর ফিরে আসেনি। আগে শাকসবজি বিক্রি ও বাসাবাড়িতে কাজ করতাম। এখন ভিক্ষা করে খাই। গত দু-তিন দিন ধরে ভিক্ষাও দিচ্ছেন না কেউ। একবার ভাত খেলে আর একবার না খেয়ে থাকি।

রিকশাচালক নাসির আহমেদ বলেন, তিন ছেলেমেয়ে নিয়ে রাস্তায় ফুটপাতে থাকি। সারা দিন রিকশা চালাই। তার স্ত্রী ভাঙারির জিনিসপত্র টোকান। লকডাউনের আগে ভালো আয় হতো। আর এখন ২০০ থেকে ৩০০ টাকা আয় হয়। একবার ঠিকমতো খেতেও পারছেন না। ছোট ছেলেমেয়েদের খাবার দিতে পারছেন না। তিনি বলেন, রিকশা নিয়ে বের হলে পুলিশ মাঝে মাঝে রিকশা উল্টিয়ে ফেলে। ভয়ে রিকশা নিয়েও বের হন না। জীবন যেন এভাবে আর চলছে না।

আবদুস সাত্তার দিনমজুরের কাজ করেন। থাকেন রায়েরবাজার বস্তিতে। তিনি বলেন, ‘আমার কাজকাম সবই বন্ধ। আমি এখন বউ ছেলেমেয়ে নিয়ে কী করে খাব ।’

যাত্রাবাড়ীর ছোট একটি খাবারের হোটেলের কর্মচারী মামুন মিয়া বলেন, মাসে যা টাকা কামাই, কোনোমতে চলে। এর মধ্যে যদি লকডাউন হয়, তাহলে পরিবার নিয়ে কীভাবে চলব, তা ভেবে পাই না। সরকারি সাহায্য না- পেলে এ কয়েকটা দিন না-খেয়ে থাকতে হবে।

মধ্যবয়সি রিকশাচালক আরমান আলী বলেন, দিন আনি, দিন খাই। যেদিন কামাই নাই, সেদিন খাওয়াও নাই-ঠিক এমনই অবস্থা। রিকশাও যদি না-চালাতে পারি, তাহলে সহায়তা না-পেলে বেঁচে থাকা কঠিন হয়ে যাবে। বাসায় আমি ছাড়াও আরো চারজন আছে। তাদের খাওয়াবে কে? সরকার যদি মানুষকে ঘর থেকে বের করতে না চায়, তাহলে আমার মতো গরিব মানুষকে খাবারের নিশ্চয়তা আগে দিতে হবে।

বেসরকারি একটি কোম্পানিতে কাজ করেন আমিনুর রহমান। তার কষ্টটাও অনেকটা একই। সাত দিন কাজ না করলে বেতন কাটা যাবে। এতে পরিবার-পরিজন নিয়ে তারও অনেক কষ্টে দিন কাটাতে হবে বলে জানান তিনি। তিনি বলেন, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের তো আর কোনো সমস্যা নেই। সমস্যা হলো আমাদের মতো বেসরকারি লোকজনের। যাদের নুন আনতে পান্তা ফুরায়।

যাত্রাবাড়ী কলার আড়তে দিনমজুরের কাজ করা মোহাম্মদ আলী বলেন, লকডাউনে খুব কষ্টে থাকতে হয়। এর আগের লকডাউনেও অনেক কষ্টে কেটেছে। কোনো কোনো দিন রাস্তায় দাঁড়িয়ে থেকে যা পেয়েছি, তাই দিয়েই চলতে হয়েছে। যদিও ঘর থেকে বের হতে মানা করা হচ্ছে; কিন্তু বের হতে না পারলে খাব কী? ঘরে অসুস্থ মা। প্রতিদিনই ওষুধের জন্য অনেক টাকা লাগে। কাজ না করলে কোনো উপায় নেই।

এদিকে লকডাউনের কথা শুনেই অনেকেই শহর ছেড়েছেন। রামপুরা এলাকার একটি বস্তিতে দুই সন্তানসহ থাকতেন রতন মিয়া দম্পতি। রতন পেশায় রংমিস্ত্রি। নতুন বিল্ডিংয়ে রং লাগানোর কাজ করেন তিনি। লকডাউনের কথা শুনে তিনি পরিবারসহ গ্রামের বাড়ি নোয়াখালী চলে গেছেন বলে জানান তার প্রতিবেশী আমেনা বেগম। তিনি বলেন, অন্যের বাড়িতে গৃহকর্মীর কাজ করি। এখন অনেকেই আর কাজে রাখে না। তাই আগের মতো ইনকামও হয় না। বাসাবাড়িতে কাজ করতে না পারলে ত্রাণের আশায় পথে পথে দিন কাটাতে হবে। এতিম ছোট্ট মেয়েটিকে নিয়ে এ শহরে বড়ই অসহায় হয়ে পড়ব।

কথা হয় ভ্রাম্যমাণ বিভিন্ন পণ্যের দোকানিদের সঙ্গে। তারাও হতাশা আর শঙ্কার কথা জানান। ঝালমুড়ি বিক্রেতা আফজাল হোসেন বলেন, আগে স্কুল-কলেজের সামনে ঝালমুড়ি বানিয়ে বিক্রি করতাম। এখন স্কুল-কলেজ বন্ধ হওয়ায় রাস্তায় রাস্তায় ঘুরে বিক্রি করি। এ কাজের ওপর নির্ভর করে বাসায় থাকা বৃদ্ধ মা-বাবাসহ চারজনের জীবন। মানুষজন ঘর থেকে বের না হলে বিক্রি হবে না। বড়ই কষ্টে থাকতে হবে আমার। ভ্রাম্যমাণ পান-বিড়ি দোকানি রমিজ উদ্দিনেরও কষ্ট একই রকম। রাস্তায় বের না হলে খাবে কী, তাই নিয়ে তিনি চিন্তিত। লকডাউনে সরকারের পক্ষ থেকে কিংবা ধনী লোকের পক্ষ থেকে ত্রাণ না পেলে যে দুর্ভোগ হবে, তা ভাষায় প্রকাশ করার মতো না।