English Version
আপডেট : ২ জুলাই, ২০২১ ১০:১৭

তবুও গরু আসছে ভারত থেকে

অনলাইন ডেস্ক
তবুও গরু আসছে ভারত থেকে

ভারতে গণহারে সংক্রমিত করোনাভাইরাসের ডেল্টা ভ্যারিয়েন্ট নিয়ে উদ্বিগ্ন কুড়িগ্রাম জেলার সীমান্তবর্তী অঞ্চলের বাসিন্দারা। এই করোনা মহামারির মধ্যেও পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে ভারত থেকে চোরাই পথে গরু পাচার বেড়েছে।

আইনশৃঙ্খলার বাহিনী নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার পরেও প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে গরু পাচার ব্যাপকভাবে বেড়েছে বলে অভিযোগ করেছেন স্থানীয় লোকজন।

তারা জানান, রাত হলেই স্থল ও জল উভয় পথ দিয়েই ভারতীয় গরু নিয়ে আসে চোরাকারবারিরা।

এদিকে কুড়িগ্রামের স্থানীয় হাটগুলো ইতোমধ্যেই পাওয়া যাচ্ছে ভারতীয় গরু। আসন্ন কোরবানির ঈদের কারণে গরুর চাহিদা বৃদ্ধি পাওয়ায় ভারতীয় গরু কিনতে বিভিন্ন জেলা থেকে গরু ব্যবসায়ীরা এসব হাঁটে ভিড় করছেন।

কুড়িগ্রামের সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের আবদুল হাকিম নামে এক গ্রামবাসী জানিয়েছেন, প্রত্যেক শনিবার ও মঙ্গলবার সেখানে হাট বসে এবং ভারতীয় গরু বিক্রি হয়।

এদিকে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দাবি করেছে করোনার সংক্রমণ রোধে সীমান্তবর্তী এলাকায় সতর্ক অবস্থায় রয়েছেন তাদের সদস্যরা।

এছাড়া অবৈধভাবে ভারতীয় গরু চোরাচালান ও কেনাবেচা রোধে নজরদারি জোরদার করেছে স্থানীয় প্রশাসন ও পুলিশ।