English Version
আপডেট : ২৭ জুন, ২০২১ ১৩:৩৫

কয়লাভিত্তিক ১০ বিদ্যুৎ প্রকল্প বাতিল

অনলাইন ডেস্ক
কয়লাভিত্তিক ১০ বিদ্যুৎ প্রকল্প বাতিল

দেশের বিভিন্ন স্থানের ১০টি কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্প প্রস্তাব বাতিলের প্রস্তাব অনুমোদন করেছেন প্রধানমন্ত্রী। কয়েক বছর ধরে এসব প্রকল্পের নির্মাণকাজের কোনো অগ্রগতি না হওয়ায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এগুলো বাতিলের প্রস্তাব দিয়েছিল বলে জানিয়েছেন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নসরুল হামিদ। রোববার (২৭ জুন) সচিবালয়ে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। তিনি জানান, কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্পগুলোর মধ্যে পায়রায় বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে। এ ছাড়া, রামপাল ও মাতারবাড়ী প্রকল্পের নির্মাণকাজও এগিয়ে চলছে।

প্রতিমন্ত্রী বলেন, ‘বর্তমানে আমাদের পরিকল্পনা হচ্ছে কয়লা থেকে ২০৩০ সালের মধ্যে ১০ হাজার থেকে ১২ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা।’

২০০৮ সালের পর যে ১৮টি কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প অনুমোদন পায়, বাতিল হওয়া ১০টি প্রকল্প সেগুলোর মধ্যে রয়েছে।

এ ১০টি প্রকল্পের মধ্যে রয়েছে— মুন্সীগঞ্জের ৫২২ মেগাওয়াটের প্রকল্প, ঢাকার ২৮২ মেগাওয়াটের প্রকল্প, চট্টগ্রামের ২৮২ মেগাওয়াটের প্রকল্প, মহেশখালির এক হাজার ৩২০ মেগাওয়াটের প্রকল্প, আশুগঞ্জের এক হাজার ৩২০ মেগাওয়াটের প্রকল্প, গাইবান্ধার এক হাজার ২০০ মেগাওয়াটের প্রকল্প, সিঙ্গাপুর-বাংলাদেশের ৭০০ মেগাওয়াটের যৌথ প্রকল্প, সিপিজিসিএল-সুমিতমো করপোরেশনের এক হাজার ২০০ মেগাওয়াটের যৌথ প্রকল্প ও বাংলাদেশ-মালয়েশিয়ার এক হাজার ৩২০ মেগাওয়াটের যৌথ প্রকল্প।