English Version
আপডেট : ২৬ জুন, ২০২১ ১০:৩৩

‘কঠোর লকডাউন’ কতদিনের জানালেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী

অনলাইন ডেস্ক
‘কঠোর লকডাউন’ কতদিনের জানালেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী

দেশজুড়ে করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় আপাতত এক সপ্তাহের কঠোর লকডাউন ঘোষণা করেছে সরকার। তবে পরিস্থিতি দেখে তা আরও বাড়ানো হবে। কিন্তু ঈদের সময়ে তা শিথিল হতে পারে। জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন শুক্রবার (২৫ জুন) রাতে বলেন, সংক্রমণ রোধে এক সপ্তাহের জন্য কঠোর লকডাউন দেওয়া হয়েছে। কঠোর লকডাউনে সব সরকারি-বেসরকারি অফিস ও গণপরিবহন বন্ধ থাকবে।

তবে অর্থবছর শেষ হওয়ায় কিছু অফিস খোলা থাকবে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, আমাদের অর্থবছর শেষ হচ্ছে। অ্যাকাউন্ট সেকশন, এনবিআর রিলেটেড অফিসগুলো সীমিত পরিসরে খোলা থাকবে। তিনি জানান, এবারের লকডাউনে পুলিশ ও বিজিবির পাশাপাশি স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে সেনাবাহিনীও মাঠে থাকবে। বিশেষজ্ঞরাও সেনাবাহিনী নামানোর জন্য বলেছেন। এ বিষয়ে প্রজ্ঞাপনে জানানো হবে।

ফরহাদ হোসেন বলেন, সাত জেলায় লকডাউন চলছে। কিন্তু এ লকডাউনে অনেক মানুষ বিভিন্ন স্থানে চলাফেরা করছে। ফলে করোনা ভাইরাস সংক্রমণ ঠেকানো যাচ্ছে না। তাই সোমবার থেকে সাত দিনের জন্য কঠোর লকডাউন বাস্তবায়নের মাধ্যমে মানুষের চলাফেরা নিয়ন্ত্রণ করা হবে।

তিনি আরো বলেন, করোনা সংক্রমণ ৫ শতাংশের নিচে না আসলে এর মেয়াদ আরো বাড়ানো হবে। এই সময়ের মধ্যে সরকারি-বেসরকারি অফিস-আদালত বন্ধ থাকবে। আগামীকাল শনিবার (২৬ জুন) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করলে বিস্তারিত জানা যাবে।