English Version
আপডেট : ২০ জুন, ২০২১ ১০:৪২

সেনাবাহিনী আধুনিক ও চৌকষ বাহিনী হিসেবে মাথা উঁচু করে দাঁড়িয়েছে : সেনাপ্রধান

অনলাইন ডেস্ক
সেনাবাহিনী আধুনিক ও চৌকষ বাহিনী হিসেবে মাথা উঁচু করে দাঁড়িয়েছে : সেনাপ্রধান

সেনাবাহিনীর সকল সদস্যকে সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে দেশমাতৃকার যে কোনো প্রয়োজনে এগিয়ে আসতে হবে বলে জানিয়েছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ড. আজিজ আহমেদ।

তিনি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঐকান্তিক প্রচেষ্টায় বাংলাদেশ সেনাবাহিনী একটি চৌকষ বাহিনী হিসেবে বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। মাতৃভূমির অখণ্ডতা রক্ষা, জাতীয় যে কোনো প্রয়োজনে ত্যাগ স্বীকারে সেনাবাহিনীকে সদা প্রস্তুত থাকতে হবে।

শনিবার (১৯ জুন) সকালে বগুড়া সেনানিবাসের আর্মার্ড কোর সেন্টার ও স্কুলে বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সেনাপ্রধান এসব কথা বলেন।

সেনাবাহিনী প্রধান জেনারেল ড. আজিজ আহমেদ কে বাংলাদেশ সেনাবাহিনীর আর্মার্ড কোর, কোর অব ইঞ্জিনিয়ার্স এবং বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের বিদায়ী কর্ণেল কমান্ড্যান্ট হিসেবে মনোজ্ঞ কুচকাওয়াজের মাধ্যমে সামরিক রীতিতে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়।

এর আগে সেনাপ্রধানের বিদায়ী বক্তব্যের শুরুতেই স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। তিনি কৃতজ্ঞচিত্তে স্মরণ করেন মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারীসহ সকল বীর মুক্তিযোদ্ধাদের যাদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছে বাংলাদেশের বহু কাঙ্খিত স্বাধীনতা।

সেইসাথে তিনি পার্বত্য চট্টগ্রামে এবং জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে শাহাদাত বরণকারী সকল সেনাসদস্যের প্রতি শ্রদ্ধা নিবেদন করতঃ তাদের রুহের মাগফেরাত কামনা করেন।

জেনারেল আজিজ আহমেদ বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র প্রতি যার ঐকান্তিক প্রচেষ্টায় বাংলাদেশ সেনাবাহিনী আজ একটি আধুনিক এবং চৌকষ বাহিনী হিসেবে বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়েছে।

সেনাবাহিনীর প্রধান বলেন, ‘ফোর্সেস গোল-২০৩০’ এর আলোকে একটি আধুনিক এবং যুগোপযোগী সেনাবাহিনী গড়ে তোলার লক্ষে আর্মার্ড কোর, কোর অব ইঞ্জিনিয়ার্স এবং বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টে নতুন ইউনিট প্রতিষ্ঠার পাশাপাশি সংযোজন করেছি অত্যাধুনিক অস্ত্র, গোলাবারুদ এবং সরঞ্জামাদি।

সেই সাথে আধুনিকায়ন এবং সম্প্রসারণের সাথে সামঞ্জস্য রেখে যুগোপযুগী প্রশিক্ষণের জন্য তিনি প্রশিক্ষণ সহায়ক অবকাঠামো নির্মাণ ও সংষ্কারসহ প্রযুক্তি নির্ভর প্রশিক্ষণ নিশ্চিত করেন বলে জানান।

কর্ণেল কমান্ড্যান্ট হিসেবে দায়িত্ব পালনকালে তাঁকে সর্বাত্মক সহযোগিতা করার জন্য তিনি সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এছাড়া অত্যন্ত মনোমুগ্ধকর একটি অনুষ্ঠান আয়োজন করার জন্য সেনাপ্রধান জেনারেল অফিসার কমান্ডিং ১১ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার বগুড়া এরিয়া এবং সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানান।

বাংলাদেশ সেনাবাহিনীর আর্মার্ড কোর, কোর অব ইঞ্জিনিয়ার্স এবং বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্ট তাদের স্ব স্ব ক্ষেত্রে উন্নতি ও অগ্রগতির ধারা অব্যাহত রাখবে বলেও তিনি প্রত্যাশা ব্যক্ত করেন।

এর আগে গত রবিবার থেকে বিদায়ী সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ বাংলাদেশ সেনাবাহিনীর সকল ফরমেশনে বিদায়ী পরিদর্শন করেন।

পরিদর্শনকালে তিনি সকল পদবীর সামরিক ও অসামরিক সেনা সদস্যদের উদ্দেশ্যে তাঁর বিদায়ী বক্তব্য প্রদান করেন।

ফর্মেশন সমূহ আবেগঘন পরিবেশে বিদায়ী সেনাপ্রধানকে ফুলের শ্রদ্ধাঞ্জলি দিয়ে খোলা জিপ টেনে সামরিক রীতিতে বিদায় জানায়।

প্রসঙ্গত,২০১৮ সালের ২৯ অক্টোবর আর্মার্ড কোর, ২০১৯ সালের ১৪ জুলাই কোর অব ইঞ্জিনিয়ার্স এবং ২০১৮ সালের ৩০ অক্টোবর বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের কর্ণেল কমান্ড্যান্ট হিসেবে দ্বায়িত্বভার গ্রহণ করেন জেনারেল আজিজ আহমেদ।