English Version
আপডেট : ১৯ জুন, ২০২১ ১১:৫৫

চীনের সিনোফার্মের টিকা প্রয়োগ শুরু

অনলাইন ডেস্ক
চীনের সিনোফার্মের টিকা প্রয়োগ শুরু

চীন সরকারের কাছ থেকে উপহার হিসেবে পাওয়া সিনোফার্মের ১১ লাখ ডোজ টিকা প্রদান কার্যক্রম শনিবার (১৯ জুন) রাজধানীসহ সারা দেশে শুরু হয়েছে। 

শনিবার (১৯ জুন) সকালে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলম বিষয়টি নিশ্চিত করে জানান, সকাল থেকেই সারাদেশে সিনোফার্মের টিকা দেওয়া শুরু হয়েছে। রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় ইতোমধ্যেই টিকা পৌঁছানো হয়েছে। টিকাকেন্দ্র শুক্রবার ও সরকারি ছুটির দিন ছাড়া প্রতিদিন সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত খোলা থাকবে।

প্রথম ডোজ প্রয়োগের চার সপ্তাহ পর দ্বিতীয় ডোজ গ্রহণের ব্যবধান নির্ধারণ করা হয়েছে। 

এই টিকায় অগ্রাধিকার পাবেন মেডিক্যাল শিক্ষার্থীদের পাশাপাশি পাবলিক বিশ্ববিদ্যালয়, বিদেশগামী জনশক্তি ও বিভিন্ন উন্নয়ন প্রকল্পে কর্মকর্তারা।

এর আগে স্বাস্থ্য অধিদফতরের লাইন ডাইরেক্টর (এমএসসিএন্ডএএইচ) ও কোভিড-১৯ টিকা ব্যবস্থাপনা টাস্কফোর্স কমিটির সদস্য সচিব ডা. মো. শামসুল হক স্বাক্ষরিত এক চিঠিতে বৃহস্পতিবার এ নির্দেশনা দেওয়া হয়।

এতে বলা হয়, সারাদেশের সব সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল, সরকারি জেনারেল হাসপাতাল, জেলা সদর হাসপাতাল, ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের নির্দিষ্ট কেন্দ্রগুলোর মাধ্যমে টিকা দেওয়া হবে।

এর আগে ১৪ জুন সিনোফার্ম ও ফাইজারের টিকা প্রয়োগ কার্যক্রম শুরু হবে বলে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, চীনের উপহার হিসেবে দেয়া সিনোফার্ম এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার ফাইজার টিকা দিয়েই আবারো প্রথম ডোজ শুরু হচ্ছে। হাতে যতটুকু টিকা পাওয়া গেছে তা দিয়ে ভ্যাকসিনেশন কার্যক্রম আবার চালু হবে।

দেশের বিভিন্ন স্থানে করোনা আবার বাড়ছে উল্লেখ করে তিনি বলেছিলেন, এখন থেকেই সবাইকে আবার সচেতন হতে হবে। হাসপাতালে শয্যা কম। করোনা বাড়লে সেবাও ব্যাহত হবে। তাই প্রতিরোধের ওপর জোর দিতে হবে, নিয়ন্ত্রণ করতে হবে।

উল্লেখ্য, চীন থেকে দুই দফায় উপহার হিসেবে দেশে ১১ লাখ ডোজ ও ফাইজার থেকে এক লাখ ৬২০ ডোজ টিকা এসেছে। সরকারের হাতে সব মিলিয়ে প্রথম ডোজ শুরু করতে টিকা রয়েছে ১২ লাখ ৬২০ ডোজ।