English Version
আপডেট : ১০ জুন, ২০২১ ১০:৩৭

৫০ মডেল মসজিদ আজ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক
৫০ মডেল মসজিদ আজ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের ৫০ উপজেলায় দৃষ্টিনন্দন ৫০টি মডেল মসজিদ ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্র আজ বৃহস্পতিবার উদ্বোধন করবেন। এদিন সকাল সাড়ে ১০টায় গণভবন থেকে একযোগে এই মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন ঘোষণা করবেন।

এই প্রকল্পের আওতায় দেশের জেলা, উপজেলা ও সিটি করপোরেশন পর্যায়ে মোট ৫৬০টি মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ করছে সরকার। এর আগে গতকাল বুধবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান।

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে গণভবন থেকে প্রধান অতিথি হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি ৫০টি মডেল মসজিদের মধ্যে রংপুরের বদরগঞ্জ, ঢাকা, খুলনা ও সিলেটের সঙ্গে যুক্ত থাকবেন।  ফরিদুল হক খান বলেন, এসব মডেল মসজিদ এবং সাংস্কৃতিক কেন্দ্র ইসলামের প্রচার-প্রসারে ভূমিকা রাখার পাশাপাশি সন্ত্রাস, জঙ্গিবাদ ও নারীর প্রতি সহিংসতা রোধ এবং সরকারের উন্নয়ন কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বাড়াতে ভূমিকা রাখবে।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়েছে, প্রতিটি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র ৪৩ শতাংশ জায়গার ওপর তিন ক্যাটাগরিতে নির্মাণ করা হবে। জেলা ও সিটি করপোরেশন পর্যায়ে চারতলা, উপজেলা পর্যায়ে তিন তলা, উপকূলীয় এলাকায় চারতলা (যার মধ্যে নিচতলা ফাঁকা) মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ করা হচ্ছে।