English Version
আপডেট : ৮ জুন, ২০২১ ১০:১৮

রাজধানীসহ সারা দেশে বজ্রসহ বৃষ্টি, ভোগান্তিতে অফিসগামী মানুষ

অনলাইন ডেস্ক
রাজধানীসহ সারা দেশে বজ্রসহ বৃষ্টি, ভোগান্তিতে অফিসগামী মানুষ

রাজধানী ঢাকাসহ সারা দেশে মঙ্গলবার সকাল থেকে থেমে থেমে বজ্রসহ বৃষ্টি হচ্ছে। বৃষ্টিতে ঢাকায় ব্যাপক জলাবদ্ধতা দেখা দিয়েছে। এতে করে ভোগান্তিতে পড়েছেন অফিসগামী যাত্রীরা।

আজ ঢাকা, চট্টগ্রাম, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের অধিকাংশ স্থানে বৃষ্টির আভাস রয়েছে। আগামীকাল বুধবারও আবহাওয়া পরিস্থিতি একইরকম থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. আব্দুর রহমান জানান, ঢাকায় সকাল ৬টার পর থেকে শুরু হওয়া বৃষ্টির এই ধারা সারাদিনই থাকতে পারে। একটানা বৃষ্টি না হলেও থেমে থেমে বৃষ্টির সম্ভাবনা বেশি।এই আবহাওয়াবিদ আরও বলেন, মূলত মৌসুমি বায়ুর প্রভাবে সারাদেশে আগামী তিন থেকে চারদিন অনেক বেশি বৃষ্টি হতে পারে। বিশেষ করে আজ থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা,ময়মনসিংহ, বরিশাল,চট্টগ্রাম, সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগের কিছু জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।

এদিকে ফরিদপুর রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, এবং কুষ্টিয়া অঞ্চলের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বইছে। এসব অঞ্চলে তা প্রশমিত হতে পারে। দিন ও রাতের তাপমাত্রা থাকতে পারে প্রায় অপরির্বতিত।