English Version
আপডেট : ৫ জুন, ২০২১ ১২:১১

এগিয়ে আসছে মৌসুমি বায়ু, যা জানাল আবহাওয়া অফিস

অনলাইন ডেস্ক
এগিয়ে আসছে মৌসুমি বায়ু, যা জানাল আবহাওয়া অফিস

পশ্চিমা লঘুচাপের শক্তিশালী অবস্থানের পাশাপাশি উপকূলের দিকে এগিয়ে আসছে মৌসুমি বায়ু। তাই শুরু হয়েছে নিয়মিত বৃষ্টিপাত। আগামী ৫ দিনে দেশে বৃষ্টিপাতের প্রবণতা আরও বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। শুক্রবার (৪ জুন) সন্ধ্যায় এসব তথ্য জানা যায়।

সন্ধ্যা ৬টা পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন বাংলাদেশ এলাকায় অবস্থান করছে। লঘুচাপের অপর একটি বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসাথে দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বৃষ্টি হতে পারে। তাপমাত্রার বিষয়ে আবহাওয়া অফিস বলেছে, রংপুর, দিনাজপুর, নীলফামারী ও চাঁদপুর জেলাসহ ঢাকা, রাজশাহী ও খুলনা বিভাগের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং এটি কিছু এলাকা থেকে প্রশমিত হতে পারে।