English Version
আপডেট : ৫ জুন, ২০২১ ১০:৪৭

বিশ্ব পরিবেশ দিবস আজ

অনলাইন ডেস্ক
বিশ্ব পরিবেশ দিবস আজ

আজ ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস। পৃথিবী ও প্রকৃতি রক্ষার গুরুত্ব সম্পর্কে সচেতনতা তৈরি করতে প্রতি বছর এ দিনে দিবসটি পালিত হয়। বাংলাদেশে দিবসটি জাতীয়ভাবে পালন করা হয় ‘জাতীয় বৃক্ষরোপণ অভিযান’ নামে। বিশ্ব পরিবেশ দিবসের এবারের প্রতিপাদ্য ‘প্রতিবেশ পুনরুদ্ধার, হোক সবার অঙ্গীকার’ এবং স্লোগান রাখা হয়েছে ‘প্রকৃতি সংরক্ষণ করি, প্রজন্মকে সম্পৃক্ত করি’। অন্যদিকে জাতীয় বৃক্ষরোপণ অভিযান-২০২১ সালের প্রতিপাদ্য ‘মুজিববর্ষে অঙ্গীকার করি, সোনার বাংলা সবুজ করি’।

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শনিবার (৫ জুন) জাতীয় বৃক্ষরোপণ অভিযান-২০২১ এর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকাল ১১টায় তিনি গণভবনে সোনালু, জাম, আমড়া ও ডুমুর বৃক্ষের চারটি চারা রোপণ করে জাতীয় এই বৃক্ষরোপণ অভিযান-২০২১ এর উদ্বোধন করবেন। এসময় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী মো. শাহাব উদ্দিন, উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার এবং সচিব জিয়াউল হাসানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত থাকবেন বলে মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

এদিকে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা) ‘তরুণ প্রজন্মের হাতেই প্রকৃতি ও পরিবেশের ভবিষ্যৎ’ শীর্ষক একটি অনলাইন আলোচনা সভার আয়োজন করেছে। এটি সকাল ১১টায় অনুষ্ঠিত হবে।

এছাড়া পরিবেশবাদী যুব সংগঠন গ্রীন ভয়েস বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ, র‌্যালি ও সেমিনারের আয়োজন করেছে। সকাল ৯টায় সোহরায়ার্দী উদ্যানে ১০০টি ফলদ ও বনজ বৃক্ষরোপণ করা হবে। পরে একটি র‌্যালি টিএসসি থেকে শাহবাগে এসে শেষ হবে। এরপর ‘জীববৈচিত্র্য সংরক্ষণে তরুণ সমাজের ভূমিকা’ শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে বাপার সভাপতি এড. সুলতানা কামাল, বেলার পরিচালক সৈয়দা রিজওয়ানা হাসান, স্থপতি মোবাশ্বের হোসেন, অধ্যাপক এম এম আকাশ প্রমুখ উপস্থিত থাকার কথা আছে।

উল্লেখ্য, সুইডেন সরকার ১৯৬৮ সালের ২০ মে জাতিসংঘের অর্থনীতি ও সামাজিক পরিষদের কাছে একটি চিঠি পাঠায়। ওই চিঠির বিষয়বস্তু ছিল প্রকৃতি ও পরিবেশ দূষণ সম্পর্কে তাদের গভীর উদ্বেগের কথা। সে বছরই জাতিসংঘের পক্ষ থেকে পরিবেশ রক্ষার বিষয়টি সাধারণ অধিবেশনের আলোচ্যসূচিতে অন্তর্ভুক্ত করা হয়। পরের বছর জাতিসংঘের পক্ষ থেকে পরিবেশ রক্ষার বিষয়ে বিস্তারিত আলোচনা এবং সমাধানের উপায় খুঁজতে সদস্যরাষ্ট্রগুলোর সম্মতিতে সুইডেনের রাজধানী স্টকহোমে ১৯৭২ সালের ৫ থেকে ১৬ জুন জাতিসংঘ মানব পরিবেশ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনটি ইতিহাসের প্রথম পরিবেশ বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের স্বীকৃতি পায়। ১৯৭৩ সালে সম্মেলনের প্রথম দিন ৫ জুনকে জাতিসংঘ ‘বিশ্ব পরিবেশ দিবস’ হিসেবে ঘোষণা দেয়। ১৯৭৪ সাল থেকে প্রতিবছর দিবসটি বিশ্বব্যাপী পালিত হয়ে আসছে।