English Version
আপডেট : ২ জুন, ২০২১ ১১:৪৭

সরকারি সফরে মালদ্বীপ গেলেন সেনাপ্রধান

অনলাইন ডেস্ক
সরকারি সফরে মালদ্বীপ গেলেন সেনাপ্রধান

সরকারি সফরে মালদ্বীপ গেলেন সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ। মালদ্বীপের চিফ অব ডিফেন্স ফোর্স মেজর জেনারেল আব্দুল্লাহ শামালের আমন্ত্রণে মঙ্গলবার (০১ জুন) সন্ধ্যায় ঢাকা ত্যাগ করেন জেনারেল জাজিজ।

মঙ্গলবার (০১ জুন) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মালদ্বীপ সফরকালে জেনারেল আজিজ আহমেদ বাংলাদেশ সেনাবাহিনীর নয় সদস্যের একটি প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন। সফরকালে তিনি মালদ্বীপ জাতীয় প্রতিরক্ষা বাহিনী সদর দফতর, বিভিন্ন সামরিক স্থাপনা ও প্রতিষ্ঠান পরিদর্শন করবেন।

এ ছাড়াও সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রী মারিয়া আহমেদ দিদি, চিফ অব ডিফেন্স ফোর্স মেজর জেনারেল আব্দুল্লাহ শামাল এবং অন্যান্য ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও পারস্পরিক সামরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করবেন। সাক্ষাতকালে তিনি দুই দেশের সেনাবাহিনীর মধ্যকার সম্পর্ক আরও জোরদার এবং পারস্পরিক সহযোগিতার বিষয়ে আলোচনা করবেন।

সফরকালে সেনাপ্রধান মালদ্বীপে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন পরিদর্শন করবেন এবং হাইকমিশনার ও অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। সফর শেষে সেনাপ্রধান আগামী ৭ জুন সকালে দেশে ফিরবেন।