English Version
আপডেট : ১ জুন, ২০২১ ১৭:০৫

পরিকল্পনামন্ত্রীর ফোন ছিনতাই

অনলাইন ডেস্ক
পরিকল্পনামন্ত্রীর ফোন ছিনতাই

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের হাত থেকে আইফোন কেড়ে নিয়েছে এক ছিনতাইকারী। রাজধানীর বিজয়সরণি থেকে গত রোববার (৩০ মে) সন্ধ্যায় তার ব্যবহৃত মোবাইল ফোনটি ছিনতাই হয়।  

মঙ্গলবার (১ জুন) রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে একনেক সভা শেষে পরিকল্পনামন্ত্রী নিজেই সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন। 

পরিকল্পনামন্ত্রী জানান, গত রোববার সন্ধ্যা সাতটার দিকে তিনি নিজ দপ্তর থেকে বাসার দিকে যাচ্ছিলেন। বিজয়সরণি গিয়ে যানজটে পড়েন। তখন মোবাইল ফোনে ব্রাউজিং করছিলেন। এ সময় গাড়ির জানালা খোলা ছিল। এমন সময় এক ছিনতাইকারী তার মোবাইল ফোন টান দিয়ে নিয়ে যান। তবে এখন পর্যন্ত তার মোবাইল ফোনটি উদ্ধার করা সম্ভব হয়নি। মন্ত্রী নতুন সিম তুলেছেন।

মন্ত্রী আরও বলেন, ছিনতাইয়ের সময় তিনি তাৎক্ষণিক গানম্যানকে বিষয়টি জানান। কিন্তু গানম্যান বের হয়ে আর ছিনতাইকারীকে ধরতে পারেননি। কাফরুল থানায় এই ঘটনায় মামলা হয়েছে। পুলিশ পরিকল্পনামন্ত্রীর মোবাইল ফোন উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা করছে।