English Version
আপডেট : ৩০ মে, ২০২১ ১৬:১১

২৪ ঘন্টায় মৃত্যু কমলেও বেড়েছ শনাক্ত

অনলাইন ডেস্ক
২৪ ঘন্টায় মৃত্যু কমলেও বেড়েছ শনাক্ত

মহামারি করোনায় দেশে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও ৩৪ জন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১২ হাজার ৫৮৩ জন। 

এ ছাড়া গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা শনাক্ত হয়েছেন আরও ১ হাজার ৪৪৪ জন। দেশে এখন পর্যন্ত মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭ লাখ ৯৮ হাজার ৮৩০ জনে।

রোববার (৩০ মে) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে শনিবার দেশে করোনায় ৩৮ জন মারা যান। নতুন করে শনাক্ত হয় ১ হাজার ৪৩ জন।

এদিকে, প্রাণঘাতী করোনাভাইরাস এখনো তাণ্ডব চালাচ্ছে বিশ্বজুড়ে। ভাইরাসটিতে আক্রান্ত হয়ে এখনো প্রাণ যাচ্ছে হাজার হাজার মানুষের। সংক্রমণের তালিকাটাও দীর্ঘ হচ্ছে প্রতিনিয়িত। বিশ্বে করোনায় আক্রান্তের সংখ্যা ১৭ কোটি ছাড়িয়েছে। মৃত্যুর সংখ্যা প্রায় সাড়ে ৩৫ লাখ।

গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১০ হাজার ৫৮৬ জন। একই সময়ে আক্রান্ত হয়েছেন ৪ লাখ ৮৪ হাজার ৭৬৩ জন।

রোববার সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্যানুযায়ী, বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৩৫ লাখ ৪৭ হাজার ৮৭৪ জনে। ভাইরাসটিতে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭ কোটি ৬ লাখ ১০ হাজার ৮৩৯ জনে। সুস্থ হয়েছেন ১৫ কোটি ২৭ লাখ ৪২ হাজার ৪৩১ জন।

করোনাভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত ৩ কোটি ৪০ লাখ ৩৫ হাজার ৩১৮ জন করোনায় আক্রান্ত এবং ৬ লাখ ৯ হাজার ৪২১ জন মারা গেছেন।

আক্রান্তের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে প্রতিবেশী দেশ ভারত। তবে ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যার তালিকায় দেশটির অবস্থান চতুর্থ। দেশটিতে মোট আক্রান্ত ২ কোটি ৭৮ লাখ ৯৩ হাজার ৪৭২ জন এবং মারা গেছেন ৩ লাখ ২৫ হাজার ৯৯৮ জন।

লাতিন আমেরিকার দেশ ব্রাজিল করোনায় আক্রান্তের দিক থেকে তৃতীয় ও মৃত্যুর সংখ্যায় তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে। দেশটিতে মোট শনাক্ত রোগী ১ কোটি ৬৪ লাখ ৭১ হাজার ৬০০ জন এবং মৃত্যু হয়েছে ৪ লাখ ৬১ হাজার ১৪২ জনের।

এছাড়া তালিকায় প্রথম দশের মধ্যে রয়েছে ফ্রান্স, তুরস্ক, রাশিয়া, ব্রিটেন, ইতালি, জার্মানি এবং স্পেন। বাংলাদেশের অবস্থান ৩৩।