English Version
আপডেট : ২৭ মে, ২০২১ ১৯:২৩

আবুল খায়ের ৪০ লাখ টাকার সিগারেট লুট!

অনলাইন ডেস্ক
আবুল খায়ের ৪০ লাখ টাকার সিগারেট লুট!

চট্টগ্রাম নগরে আবুল খায়ের টোব্যাকো কম্পানি লিমিটেডের একটি ডিলার পয়েন্টে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতদল শাহ আলম নামে প্রতিষ্ঠানটির এক কর্মচারীকে দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে এবং ট্রাকে করে প্রায় ৪০ লাখ টাকা মূল্যের ১০১ কার্টন সিগারেট লুট করে।

আজ বৃহস্পতিবার ভোর ৪টার দিকে নগরীর ডবলমুরিং থানার কদমতলী পোস্তারপাড় জামে মসজিদের সামনে খাজা ট্রেডার্সে এ ঘটনা ঘটে। ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মহসীন এ তথ্য জানান।

খাজা ট্রেডার্সের মালিক এম এম হোসাইন পারভেজ বলেন, বৃহস্পতিবার ভোরে ১০ থেকে ১২ জন ডাকাত দল অস্ত্রসহ এসে গুদামের তালা ভেঙে মালামাল নিয়ে গেছে। অফিসে শাহ আলম নামে আমার এক স্টোরকিপার থাকতেন। গুদামের তালা ভাঙার শব্দ শুনে শাহ আলম বের হলে, তাকে দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে বসিয়ে রাখেন। এর আগে রাতে পাহাড়তলী আবুল খায়েরের অফিসেও হানা দিয়েছে বলে শুনেছি। সুবিধা করতে না পেরে আমাদের গুদামে হানা দেয়। সেখান থেকে ১০১ কার্টন সিগারেট নিয়ে গেছে। লুট হওয়া সিগারেটের দাম প্রায় ৪০ লাখ টাকা।

ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মহসীন বলেন, পোস্তারপাড় এলাকার একটি গুদাম থেকে প্রায় ৪০ লাখ টাকার মালামাল ডাকাতির ঘটনা ঘটেছে বলে অভিযোগ পেয়েছি। এ বিষয়ে আমরা কাজ করছি। এ ঘটনায় শাহ আলম নামে একজন স্টোরকিপারও আহত হয়েছেন। তিনি অফিসের কাজ করতেন।

এদিকে আবুল খায়ের টোব্যাকো কম্পানির কর্মকর্তারা জানান, এর আগেও গত ৯ মে চট্টগ্রামের চান্দগাঁও এলাকা থেকে ২৫ লাখ ৫৫ হাজার টাকা; ১৩ মে চাঁদপুরের কচুয়াতে ৭ লাখ ৫৪ হাজার টাকার সিগারেট ও বিক্রির নগদ ৪ লাখ ৪২ হাজার টাকা; ১০ মার্চ সন্দ্বীপে নগদ ১ লাখ ৩০ হাজার টাকা; ২৬ মার্চ সীতাকুণ্ডে কদমরসুলে নগদসহ ২৪ লাখ ১৭ হাজার টাকার সিগারেট লুট হয়েছে। এ সব ঘটনায় সংশ্লিষ্ট থানায় আইনানুনগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।