English Version
আপডেট : ২৭ মে, ২০২১ ১৯:১১

দেশে ফাইজারের টিকা জরুরি ব্যবহারের অনুমোদন

অনলাইন ডেস্ক
দেশে ফাইজারের টিকা জরুরি ব্যবহারের অনুমোদন

ফাইজার-বায়োএনটেক উৎপাদিত করোনাভাইরাসের টিকা জরুরি ব্যবহারের অনুমোদন দিয়েছে ওষুধ প্রশাসন অধিদপ্তর। এ নিয়ে করোনাভাইরাসের জন্য চতুর্থ টিকার অনুমোদন দেয়া হলো বাংলাদেশে।

বৃহস্পতিবার ওষুধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মো. মাহবুবুর রহমানের স্বাক্ষর করা এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ফাইজারের টিকার ক্লিনিক্যাল ট্রায়ালের নথিপত্র এবং জনস্বাস্থ্য বিষয়ক অন্যান্য বিষয় মূল্যায়ণের পর এই টিকা ব্যবহারের অনুমোদন দেয়া হয়েছে। আগামী ২ জুন ১ লাখ ৬ হাজার ডোজ ফাইজার ভ্যাকসিন বাংলাদেশে আসার কথা রয়েছে।

ফাইজারের এই টিকা ১২ বছর এবং তদূর্ধ্ব বয়সের ব্যক্তিদের জন্য প্রযোজ্য। দুই ডোজ ফাইজার-বায়োএনটেক টিকার প্রথম ডোজ নেওয়ার ৩ থেকে ৪ সপ্তাহ পর দ্বিতীয় ডোজ টিকা দেয়া হবে বলে জানিয়েছে অধিদপ্তর।

এটিকে -৯০ ডিগ্রি থেকে -৬০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সংরক্ষণ করতে হয়। তবে দুই থেকে আট ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এটি ৫ দিন ও ৩০ ডিগ্রি তাপমাত্রায় ভ্যাকসিনটি দুই ঘণ্টা ভালো থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এর আগে, ভারতের সেরাম ইনস্টিটিউটের কোভিশিল্ড, রাশিয়া উৎপাদিত স্পুতনিক ও চীনের সিনোফার্মের টিকার জরুরি ব্যবহারের অনুমোদন দেয় ওষুধ প্রশাসন অধিদপ্তর।